যেমন ছিলেন তেমনই আছেন প্রভা

শীতে বসন্তের সাজে সেজেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রভা। কিন্তু কেন? মনে কী এখন বসন্তের আনন্দ? এমন প্রশ্নে প্রভার উত্তর, ‘না না, আমি আগের মতোই আছি। যেমন ছিলাম, তেমনই।’ প্রভার সহজ সরল স্বীকারোক্তি।
তাহলে এই বসন্তের সাজ? প্রভা বললেন, ‘নাটকের জন্য। এই নাটকের গল্পে আমি নিজে নিজে বিয়ে করতে যাচ্ছি, তাই ফুল দিয়ে একটু সেজেছি। পরে দেখি, পুরোপুরি বসন্তের সাজ হয়ে গেছে।’
নাটকটির শুটিং শেষ হয়েছে গতকাল শনিবার। পুরো কাজ হয়েছে উত্তরাতে। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু।
আজ সকালে শুকু জানালেন, নাটকটি তিনি তৈরি করেছেন চ্যানেল আইয়ের জন্য। ৬ জানুয়ারি দেখানো হবে। নাম এখনো চূড়ান্ত হয়নি। একটি মেয়ের পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে থাকে। ভিসা জটিলতার কারণে মেয়েটি যেতে পারেনি। কাছের মানুষদের অভাব সে অনুভব করে। রক্ত দানের ব্যাপারে সে খুব উদার। নিয়মিত রক্ত দান করে। যাদের রক্ত দেয়, তাঁদের সে নিজের আত্মীয় মনে করে। একদিন তাঁর রক্তে মারাত্মক এক ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। নাটকটিতে অভিনয় করছেন শ্যামল মাওলা, মুনিরা ইউসুফ মেমি, দীপান্বিতা হালদার প্রমুখ।
আবারও প্রভার প্রসঙ্গ ফেরা। কেমন আছেন প্রভা?
প্রভা বললেন, ‘ভালো আছি। এখন আবার নিয়মিত অভিনয় করছি। কাজের মধ্যেই আছি।’