রং-তুলিতে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

‘প্রতিবছর আমরা এ অনুষ্ঠান আয়োজন করে আসছি। আমরা চাই, প্রতিবছর অন্তত ২৬টি নতুন মুক্তিযুদ্ধের চিত্র তৈরি হোক, যা থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে আরও ভালোভাবে জানবে। আর খুদে যে শিল্পীরা আজ আছে, তারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে কীভাবে দেখে—আমরা সেটাও জানতে পারব তাঁদের চিত্রাঙ্কনের মাধ্যমে।’ বললেন ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।

আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন নিয়ে আয়োজন ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’। যৌথভাবে আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক ও চ্যানেল আই। চিত্রশিল্পীরা তুলির আঁচড়ে উদ্বোধন করেন এই আয়োজন।

‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে হাশেম খানকে
‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে হাশেম খানকে

‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে আজ ছবি এঁকেছেন হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, ইফফাত আরা দেওয়ান, শেখ আফজাল, মনিরুজ্জামান, জহির আহমেদ, তৌফিক, রেজাউন নবী, হামিদুজ্জামান, পপি, কামালুদ্দিন, সৈয়দ এনায়েত হোসেন, সৈয়দ লুৎফুন হক, সৈয়দ ইকবাল, আবদুল মান্নান, অশোক কর্মকার, সঞ্জীব দাশ, সোহাগ পারভেজ, ইব্রাহীম, বিপাশা হায়াতসহ প্রায় অর্ধশত চিত্রশিল্পী। এ ছাড়া ছবি এঁকেছে একদল শিশু।

এ বছর ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানকে। তার হাতে ক্রেস্ট, সনদ আর উত্তরীয় তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, চিত্র সমালোচক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অভিনেতা আফজাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, মুস্তাফা জামান আব্বাসী, মনিরুজ্জামান, সমরজিৎ রায়চৌধুরী, কেরামত মাওলা, মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে মেজর (অব.) কামরুল হাসান ভুঁইয়ার নেতৃত্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একটি দল অংশ নেন। এরপর রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। আবৃত্তি করেছেন হাবিবুল্লাহ সিরাজী ও রূপা চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন। পরিচালনা করেন আমীরুল ইসলাম। পুরো আয়োজনটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয়।