রংপুরের ভাষা শিখতে গিয়ে...

রংপুর অঞ্চলের ভাষায় অভিনয় করতে গিয়ে ভালোই বিড়ম্বনায় পড়েছিলেন অভিনেত্রী মিতা চৌধুরী। ভাষার টান এবং শব্দগুলো রপ্ত করতে গিয়ে হিমশিমই খাচ্ছিলেন অনেকটা। পরে মুঠোফোনে রেকর্ড করে বারবার শুনে তবেই মুক্তি পেয়েছেন ভাষাবিষয়ক এ সমস্যা থেকে।
ঘটনাটি ঘটেছে বোধ নামে একটি টেলিছবিতে অভিনয় করতে গিয়ে। টেলিছবিটি পরিচালনা করেছেন কিশোর মাহমুদ। এখানে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী। তিনি বললেন, ‘টেলিছবিতে আমাকে রংপুরের সংলাপ বলতে হয়েছে। এর আগে এই আঞ্চলিক ভাষায় কখনো কথা বলা হয়নি। এ ক্ষেত্রে পরিচালক খুব সহযোগিতা করেছেন। শুটিংয়ের বেশ কদিন আগে তিনি প্রতিটি সংলাপ আমার মুঠোফোনে রেকর্ড করে দিয়েছিলেন। এটা বারবার শুনেছি।’ সংলাপ আয়ত্তে আনার এই প্রক্রিয়াটি যে কাজে লেগেছে, তা বেশ আনন্দের সঙ্গেই জানিয়েছেন পরিচালক। ‘মিতা আপা খুব ভালোমতো রংপুরের ভাষায় কথা বলেছেন। ওনার সংলাপ শুনে মনে হয়েছে তিনি রংপুরেই বড় হয়েছেন। নিয়মিত এই ভাষায় কথা বলেন।’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ ও মাহবুবা ছায়া। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে টেলিছবিটি।