রবীন্দ্র পাঠ ও সংগীতে 'বাইশে শ্রাবণ'

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে একটি বিশেষ সংগীতানুষ্ঠান ‘বাইশে শ্রাবণ’ প্রচার করবে চ্যানেল আই। এ অনুষ্ঠানের সূচনা পাঠে অংশ নেবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাইশে শ্রাবণে অংশ নেবেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ও। প্রথমবারের মতো এমন রবীন্দ্র পাঠ ও গান নিয়ে একসঙ্গে কোনো টিভি অনুষ্ঠানে হাজির হচ্ছেন সৈয়দ শামসুল হক ও অণিমা রায়।

অণিমা রায়ের গাওয়া চারটি গানের ভিডিও দেখানো হবে ‘বাইশে শ্রাবণ’ অনুষ্ঠানে। গানগুলো হলো ‘এমনও দিনে তারে বলা যায়’, ‘অলি বারবার ফিরে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’ এবং ‘ভালোবাসি ভালোবাসি’। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। শুটিং হয়েছে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে।
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি প্রসঙ্গে অণিমা বলেন, ‘বিশেষ এই দিনের প্রতি অর্ঘ্য হিসেবেই কাজটি করা। এ ছাড়া আমার গানগুলোর সঙ্গে সৈয়দ শামসুল হকের মতো এমন কিংবদন্তির পাঠ কাজটিকে আরও সমৃদ্ধ করবে।’
‘বাইশে শ্রাবণ’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ৬ আগস্ট বৃহস্পতিবার (২২ শ্রাবণ) রাত ৮টা ৩০ মিনিটে।