রবীন্দ্রনাথ পড়েন সজল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল
সজল

তারকাদের পড়ার সময় কোথায়? সারাদিন শুটিংসহ নানা ব্যস্ততা। এরই মধ্যে পড়ালেখা ভীষণ কঠিন কাজ। এসবের মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েন অভিনেতা সজল। এমনকি রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটকের প্রস্তাব পেলে সেটা হাতছাড়া করেন না তিনি।
আজ দুপুরে মুঠোফোনে তিনি জানান, রবীন্দ্রনাথের কিছু গল্প আগে পড়েছেন। পড়ছেন এখনো। গল্পগুলো এখনো তাঁর কাছে অনেক আধুনিক বলে মনে হয়। এখনকার দিনের মানুষের অনুভূতির সঙ্গে সেগুলো মিলেও যায়। গল্পগুলোকে আধুনিক রূপ দিয়ে ভালো নাটক-সিনেমা বানানো যায় বলেও তিনি মনে করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘তপস্বিনী’কে নাট্যরূপ দিয়ে নির্মিত হয়েছে একটি একক নাটক ‘তপস্বিনী’। নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা ও পরিচালনা করেছেন আল্পনা আক্তার। নাটকটিতে অভিনয় করেছেন সজল, ক্যামেলিয়া রাঙা, তারিক আনাম খান, ইনামুল হক, সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ।
নাটকের মাখন লাল তাঁর ছেলের বউয়ের কাছে ছেলেকে ঘেষতেই দেন না। ছেলে বরদা নন্দ বিএ পাশ না করা পর্যন্ত বউয়ের কাছ থেকে দূরে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছেলে পড়ালেখা পছন্দ করে না। তাঁর ইচ্ছে বউকে নিয়ে ঘুরে বেড়ানো। এক সময় অসহ্য হয়ে বরদা সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। আর তাঁর স্ত্রীও হয়ে পড়ে স্বামীর অনুসারী। আজ রাত ৯.০৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে নাটকটি।