রবীন্দ্রপ্রয়াণ দিবসের টিভি আয়োজন

দেশ টিভিতে সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘বিশ্ব মাঝে আপনারে দেখি’। এতে সংগীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রসংগীতশিল্পী প্রমিতা মল্লিক। অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে গল্প ও আড্ডা। এতে অংশ নেবেন শিল্পী লিলি ইসলাম। একই চ্যানেলে রাত ৮টা ১৫ মিনিটে দেখানো হবে ‘নুপূর বেজে যায়’ অনুষ্ঠানটির বিশেষ পর্ব। রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘তবু অনন্ত জাগে’তে গাইবেন মহিউজ্জামান চৌধুরী ও শিমু দে।

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের একক সংগীতানুষ্ঠান ‘কোন কাননের ফুল কোন গগনের তারা’ প্রচারিত হবে বাংলাভিশনে বিকেল ৫টা ২৫ মিনিটে। একই চ্যানেলে রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে সরাসরি সংগীতানুষ্ঠান ‘আমার হিয়ার মাঝে’। এতে অংশ নেবেন শিল্পী সাদি মহম্মদ ও অদিতি মহসিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিমূল মুস্তাফা।

মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘গানের পেছনে রবীন্দ্রনাথ’। এতে অংশগ্রহণ করেছেন অদিতি মহসিন, মহিউজ্জামান চৌধুরী ও মুনিরা ইউসুফ মেমী। এর পাশাপাশি এই চ্যানেলে সকাল ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক একটি ক্ষুদ্র পুরাতন গল্প। সকাল ১০টা ৩০ মিনিটে রবীন্দ্রনাথের গান ও কবিতার সমন্বয়ে অনুষ্ঠান ‘যদি প্রেম দিলে না প্রাণে’ প্রচারিত হবে। রাত ১২টায় দেখানো হবে নাটক দর্পহরণ।

রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্ট নীড়’ অবলম্বনে নাটক চারু এবং অন্যান্য। তুহিন অবন্তর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মিম। এই চ্যানেলেই দুপুর ১২টা ২০ মিনিটে দেখানো হবে নাটক শিশির। বেলা ১টা ২৫ মিনিটে প্রচারিত হবে তথ্যচিত্র স্টোরি অব গীতাঞ্জলি। নাচের অনুষ্ঠান ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’ দেখানো হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

আরটিভির সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে আজ রাত ১২টা ১ মিনিটে অতিথি হয়ে আসবেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর ও তৌসিফ।

চলচ্চিত্র তুমি রবে নীরবের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে বেলা ৩টা ৫ মিনিটে। মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। একই চ্যানেলে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে ‘গণমানুষের রবীন্দ্রনাথ’। রাত সাড়ে ১১টায় থাকছে বিশেষ অনুষ্ঠান ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’।