রাঙামাটিতে 'ইত্যাদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে ধারণ করা ‘ইত্যাদি’র একটি দৃশ্য
রাঙামাটিতে ধারণ করা ‘ইত্যাদি’র একটি দৃশ্য

নিসর্গ সবুজের ভেতরে ধারণ করা হলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশ পরিক্রমার ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হয়েছে পার্বত্যাঞ্চল রাঙামাটিতে। স্টুডিওর বাইরে বেরিয়ে আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশে সেখানে অংশ নিয়েছে পার্বত্য জনগোষ্ঠীর মানুষ।
গত রোববার রাঙামাটি শহরের বিজিবির সেক্টর হেড কোয়ার্টারে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়। এই পর্বে থাকছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জীবনাচার, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটন স্থানগুলোর ওপর প্রতিবেদন। এই পর্বের মূল গানটি গেয়েছেন শিল্পী রবি চৌধুরী ও রাঙামাটির চমচমি দেওয়ান। সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীরা। ব্যতিক্রমী একটি নাচে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ও বাঙালি নৃত্যশিল্পী। নিয়মিত পর্বে যথারীতি থাকছে মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। এ ছাড়া সমসাময়িক ঘটনা নিয়ে থাকছে বেশ কিছু সরস নাট্যাংশ।
প্রতিবারের মতো ইত্যাদির এই পর্বেও অংশ নিয়েছেন একঝাঁক শিল্পী। আগামী শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদির এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। তিনি জানালেন, দেশের যে স্থানেই ইত্যাদি ধারণ করা হয়, সেই স্থানটির বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই সেট নির্মাণ করা হয়। ফলে দর্শকেরা ওই স্থানটি সম্পর্কে জানতে পারেন। এ ছাড়া অনুষ্ঠানটিকে স্টুডিওর বাইরে বের করা আনায় এটি আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে।
উল্লেখ্য, এর আগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতেও ইত্যাদির একটি পর্বের দৃশ্য ধারণ করা হয়েছিল।