রানীবালা হতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানীবালা টেলিছবির দৃশ্যে মৌসুমী হামিদ
রানীবালা টেলিছবির দৃশ্যে মৌসুমী হামিদ

শুরুতেই নির্মাতা সুমন আনোয়ারের প্রসঙ্গে বললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘সুমন ভাই তো নারীদের জীবনের গল্প বেশি নির্মাণ করেন। আমার সুযোগ হয়েছে তাঁর সঙ্গে এমন নারীকেন্দ্রিক গল্পে কাজ করার।’ সুমন আনোয়ার দিয়ে শুরু হলেও আলাপ গিয়ে ঠেকল ‘রানীবালা’র কাছে। এটি মৌসুমী হামিদের নতুন নাম। তিন দিন হলো এই নামেই আটকে আছেন তিনি। সুমন আনোয়ারের নতুন টেলিছবি রানীবালা। এতে নাম–ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী হামিদ।
রানীবালা একজন যৌনকর্মী, যাঁকে পর্দায় ঠিকঠাক তুলে আনার চেষ্টা করছেন মৌসুমী হামিদ। চেষ্টা কতটা সফল হলো, তা বিচার করবেন দর্শক। তবে এমন চরিত্রে ঢোকার জন্য নিশ্চয়ই আলাদা প্রস্তুতি লাগে। ‘হুট করে তো আর ক্যামেরার সামনে দাঁড়ানো যায় না’ বললেন মৌসুমী। প্রস্তুতি তাঁরও আছে। শুরুতেই দেখে নিয়েছেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরের চামেলি চলচ্চিত্রটি। এ ছাড়া দেখেছেন জয়া আহসান অভিনীত তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে নাটকটি। এখানে থেমে নেই, বললেন, ‘এই শহরেই রাতে অনেক যৌনকর্মী রাস্তায় নেমে যান। আমি অনেক রাতে গাড়ি নিয়ে বেরিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের চলাফেরা, আচার-আচরণও অনুসরণ করেছি। এসব আমার চরিত্রের জন্য বেশ সহায়ক হয়েছে।’
সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা কাজ হচ্ছে বলে জানালেন মৌসুমী হামিদ। টেলিছবিতে আরও অভিনয় করছেন আফরান নিশো, মুনিরা ইউসুফ মেমী, কিসলু। খুব তাড়াতাড়ি এটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। তত দিন পর্যন্ত ‘রানীবালা’রূপী মৌসুমী হামিদকে দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।