রিয়াজ-নওশাবার 'বিখ্যাত বাবু'
কিছুদিন আগে নিজের শৈশবের শহর ফরিদপুরে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। সঙ্গী হিসেবে ছিলেন কাজী নওশাবা। জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে।
‘বিখ্যাত বাবু’ নামের ওই নাটকে রিয়াজ ও নওশাবা দুজনই মফস্বলে থাকেন। নাটকে রিয়াজের নাম ‘বাবু’ আর নওশাবার নাম ‘শাম্মি’। নিজেই নিজের নাম দেন ‘বিখ্যাত বাবু’। তিনি জীবনে বিখ্যাত মানুষ হতে চান। বাবু চান, দেশ-বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়বে। কিন্তু তিনি প্রথাগত কোনো কাজ করে বিখ্যাত হতে চান না! বিনা পরিশ্রমে অন্য উপায়ে বিখ্যাত হতে চান। শাম্মি একজন নৃত্যশিল্পী। তার সঙ্গে সম্পর্ক বাবুর। নাটকে দেখা যাবে মজার মজার সব ঘটনা।

প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রযোজনায় যৌথভাবে নাটকটি রচনা করেছেন মঈনুল ইসলাম রুবেল ও বাশার জর্জেস। পরিচালনায় বাশার জর্জেস। নাটকটিতে আরও অভিনয় করেছেন লুত্ফর রহমান জর্জ, জয়নাল জ্যাক প্রমুখ। আগামীকাল শুক্রবার রাত পৌনে নয়টায় এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি।
নওশাবা বলেন, ‘চমৎকার একজন মানুষ রিয়াজ ভাই। এবারই প্রথম তাঁর নায়িকা হয়েছি। কয়েক দিন আগে ফরিদপুরের বিভিন্ন লোকেশনে এ কাজটি করেছি। অসাধারণ একটা গল্প। আমার বিশ্বাস, দর্শক নাটকটি উপভোগ করবেন।’
গত বছরে রিয়াজ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ও ‘সুইটহার্ট’ নামের দুটি ছবি মুক্তি পায়। বড় পর্দায় এ ছবি দুটি দিয়ে বছরজুড়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। নওশাবা অভিনীত প্রথম ছবি ‘উধাও’।