রিয়াজ-সাবার অনুষ্ঠানে লাখ টাকার পুরস্কার

এবারের টেলিভিশন পর্দায় নায়ক রিয়াজ ও অভিনেত্রী সাবাকে মঞ্চ ভাগাভাগি করতে দেখা যাবে। চ্যানেল আইতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ভিন্নধর্মী গেম শো ‘লাক ভেলকি লাখ’। ভিন্নধর্মী এই গেম শোটি উপস্থাপনা করবেন এ দুই তারকা।
অনুষ্ঠানটিতে দর্শকদের অংশগ্রহণের জন্য সম্পন্ন হয়েছে রেজিস্ট্রেশন পর্ব। চ্যানেল আই সূত্রে জানা গেছে, বিপুলসংখ্যক প্রতিযোগী অনুষ্ঠানটিতে রেজিস্ট্রেশন করেছেন। এ গেম শোর প্রযোজক আ কা রেজা ও নির্বাহী প্রযোজক ইসমত আরা।
অনুষ্ঠান প্রসঙ্গে ইসমত আরা বলেন, ‘লাক ভেলকি লাখ’ ব্যতিক্রমী গেম শো। এই গেম শোতে যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁরা প্রথম দিনেই এক লাখ টাকা করে জিততে পারবেন। আমরা মূলত সাধারণ মানুষকেই আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২৬ পর্বের এই গেম শোটি চ্যানেল আইতে প্রচার হবে ২১ সেপ্টেম্বর থেকে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে। টাইটেল স্পনসর করেছে কোকোমো বিস্কুট।