রিয়াজের উপস্থাপনা দেখতে হলে...

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। ইদানিং নাটকেও অভিনয় করেন। তবে এবার একটু অন্যরকম কাজ করলেন তিনি। জনপ্রিয় এ অভিনেতাকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। আগামীকাল একুশে টেলিভিশন এ প্রচারিত হবে ‘আমার ছবি আমার গান’ শিরোনামের একটি অনুষ্ঠান।
অনুষ্ঠানটিতে দেখানো হবে রিয়াজ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। আগামীকালের পর্বের উপস্থাপনা করবেন রিয়াজ নিজেই। উপস্থাপক হয়ে তিনি বলবেন সেই গানগুলো সম্পর্কে এবং জানাবেন নিজের অভিনীত চলচ্চিত্রের পর্দার পেছনের না জানা গল্প, তৎকালীন উল্লেখযোগ্য ঘটনা এবং শুটিং অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানটি নিয়ে রিয়াজ বললেন, ‘আগেও দু একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। তবে এবারেরটি একটু অন্যরকম। ভাবনাটা বেশ ভালো। আমার অভিনীত চলচ্চিত্র নিয়েই কথা বলেছি।’
ফারহানা নিশোর পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় এবং সোহেল রানা। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার রাত দশটায়।