রিয়াজের মেসবাড়ির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল খানের সঙ্গে হ্যালো মিস্টার স্যাম নাটকের শুটিংয়ে রিয়াজ
সোহেল খানের সঙ্গে হ্যালো মিস্টার স্যাম নাটকের শুটিংয়ে রিয়াজ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনের রাস্তায় লাল গাড়িটা এসে দাঁড়াতেই দুজনের তর্ক লেগে গেল। ‘ওই দ্যাখ রিয়াজ!’ ‘আরে না, এইহানে রিয়াজ আইব কই থ্যাইকা?’ দুজনের মধ্যে তর্কে জিতে গেল আগের জন। গাড়ি থেকে নামলেন রিয়াজ। তারপর ইফতারির দোকান, পর্দায় ঘেরা চায়ের দোকান পেরিয়ে এই অভিনেতা ঢুকলেন ‘খান সাহেবের মেস’ বলে পরিচিত এক বাড়িতে। তাঁকে এগিয়ে নিয়ে গেলেন নির্মাতা হিমু আকরাম। টিনশেড এই মেসবাড়িতেই গত বুধবার হচ্ছিল হ্যালো মিস্টার স্যাম নাটকের শুটিং। এখানে, এই গলিঘুপচির মধ্যে রিয়াজের আগমনের হেতু ‘মিস্টার স্যাম’ চরিত্রে অভিনয়। সারিবদ্ধ গ্যাসের চুলা, গোসলখানা, বাথরুম, শুকাতে দেওয়া কাপড় পাশ কাটিয়ে নির্মাতার দেখানো পথ ধরে রিয়াজ গিয়ে সোজা ঢুকলেন অস্থায়ী মেকআপ রুমে। মেসেরই একটা ঘরকে বানানো হয়েছে মেকআপ রুম। সেই ঘরেই চৌকিতে মুখে কালো মেকআপ নিয়ে বসে আছেন অভিনেত্রী প্রিয়া আমান।
রিয়াজ মেকআপ রুমে ঢুকেই একটু বিশ্রাম নিয়ে পোশাক বদলে ফেললেন। জিন্স প্যান্ট আর শার্ট বদলে পরলেন লুঙ্গি আর গেঞ্জি। হাতে নিলেন টুথব্রাশ আর পেস্ট। বিকেলবেলায় ধারণ করা হবে সকালবেলার দৃশ্য। অভিনেতা সোহেল খান খোলা আকাশের নিচে বসে গোসল করবেন। তাঁর পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে করতে কথা বলবেন রিয়াজ। এই ছিল দৃশ্যটি।
বার কয়েক এনজি শট হলো সংলাপের কারণে। সংলাপ বলতে গিয়ে হাসি আটকে রাখা কঠিন হচ্ছিল রিয়াজের জন্য। উল্টোদিকে সরু গলির ভেতর ক্যামেরা চালাতে গিয়ে বেশ হিমশিম খেতে হলো চিত্রগ্রাহককে। কয়েকবারের চেষ্টায় ‘ওকে’ হলো দৃশ্যটি। ততক্ষণে রিয়াজকে দেখার আশায় ভিড় জমে গেছে চারপাশে। আশপাশের দালানগুলোর জানালাতেও মুখ দেখা গেল অনেকের।
পরিচালক বললেন, ‘এটা একটা মেসবাড়ির গল্প। এই বাড়ির সদস্য শামছু আমেরিকা যাওয়ার স্বপ্নে নিজের নাম পরিবর্তন করে রাখে মিস্টার স্যাম। তাকে নিয়েই নাটকের গল্প।’
ঈদের জন্য নির্মিত এই নাটকে আরও অভিনয় করছেন রিফাত চৌধুরী, ফারুক আহমেদ ও ক্রিস্টিনা নামের এক বিদেশিনী। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।