লকডাউনে শুটিং করতে গিয়ে আটক, মুচলেকায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকডাউনের মধ্যেই খিলগাঁওয়ে সি ব্লকের একটি রাস্তায় শুটিং করছিল নাটকের একটি টিম। খবর পেয়ে পুলিশ তাদের ধরে খিলগাঁও থানায় নিয়ে যায়। এক ঘণ্টা পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে তারা।

লকডাউনের শুটিংয়ের কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অলিখিতভাবে আউটডোর শুটিংয়ের মানা আছে। তবে চ্যানেলের ওয়ার্ক অর্ডার দেখিয়ে ইনডোর শুটিংয়ে কোনো বাধা নেই। এ ব্যাপারে ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডেরও নির্দেশনা আছে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ‘স্যালারি বেস হাসবেন্ড’ নামে ঈদের একটি নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং চলছিল খিলগাঁওয়ের রাস্তায়। সংবাদ পেয়ে মতিঝিল জোনের ডিসির নেতৃত্বে খিলগাঁও থানা হানা দেয় সেখানে। লকডাউনের মধ্যে রাস্তায় শুটিং করায় কলাকুশলীদের খিলগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। পরে নাটকটির প্রযোজক ও পরিচালক ভুল স্বীকার করে লিখিত দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনেন আটক ব্যক্তিদের।

বিষয়টি স্বীকার করে নাটকটির পরিচালক নাসিরউদ্দিন মাসুদ বলেন, ‘নাটকটির জন্য কয়েকটি রাস্তার পাসিং দৃশ্য দরকার ছিল। এ জন্য রাস্তায় গিয়েছিলাম আমরা। তাও– মূল রাস্তা নয়। বাসাবাড়ির রাস্তা। শুটিং দেখতে কিছু উৎসুক মানুষও জড়ো হয়েছিল। পরে পুলিশ এসে নাটকের কারিগরি দলের ছয়-সাতজনকে থানায় নিয়ে যায়।’

কিন্তু আগেই তো নিষেধাজ্ঞা ছিল, লকডাউনে রাস্তা, পার্কসহ আউটডোর কোথাও শুটিং করা যাবে না। করলেন কেন? জানতে চাইলে পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনে গিয়েছিলাম। কিন্তু মানুষ জড়ো হওয়াটা অনাকাঙ্ক্ষিত। তা ছাড়া ইনডোরের জন্য পুরো একটি নাটকের গল্প সাজানো মুশকিল। গল্পের প্রয়োজনে দু–একটি পাসিং শট হলেও রাস্তা বা আউটডোর লাগে।’

এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, লকডাউনের মধ্যে রাস্তায় শুটিং করার কারণে বেশ কয়েকজনকে থানায় আনা হয়েছিল। পরে ভুল স্বীকার করে লিখিত দিলে ঘন্টাখানেকের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বলেন, ‘নাটকটির পরিচালক ও প্রযোজক এসএ টিভির একটি কাগজ দেখিয়েছেন। কাগজ থাকলেও আউটডোর নয়, ইনডোরে শুটিং করা যাবে।’

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানান, স্বল্প আয়ের শিল্পী–কলাকুশলীদের আর্থিক বিষয়টি মাথায় রেখে ইনডোরে শুটিং করার অনুমতি নিয়েছেন তাঁরা। তারপরও রাস্তায় গিয়ে শুটিং করাটা অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, ‘আমাদের সমিতির সাধারণ সম্পাদক প্রশাসনের সঙ্গে কথা বলে সুরাহা করেছেন বিষয়টি। তবে এ ধরনের ঘটনায় ডিরেক্টরস গিল্ডের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। আমি ওই নাটকের পরিচালককে ফোনে তিরস্কার করেছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন। এমন আর করবেন না বলেছেন।’

‘স্যালারি বেস হাসবেন্ড’ নাটকটিতে অভিনয় করছেন স্বাগতা, মৌমিতা, সাব্বির আহমেদ, মুসাফির বাচ্চু, হাসান জাহাঙ্গীর প্রমুখ।