লাভলুর 'খড়কুটো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা আ খ ম হাসান
নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা আ খ ম হাসান

পুবাইলে শুরু হয়েছে সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নতুন ধারাবাহিক খড়কুটোর শুটিং। বাংলাভিশনের জন্য নির্মিত এ নাটকটি রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম। লাভলুর বেশির ভাগ নাটকের মতো এটিও তৈরি হচ্ছে গ্রামীণ আবহে। নাটকটির গল্প নিয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকের উপস্থাপনে হাস্যরস থাকবে। কিন্তু এর মূল বিষয়টি ভাবগম্ভীর। গ্রামে এখনো মেয়েদের সামাজিক অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি করতে করতে তাদের জীবন হয়ে ওঠে ভাসমান খড়কুটোর মতোই। সেই কঠিন বাস্তবতাকেই এ নাটকে তুলে ধরা হবে।’
খড়কুটো নাটকে মুখ্য চরিত্রে আছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, শশী, নাদিয়া এবং আ খ ম হাসান। খড়কুটোর পাশাপাশি সালাহউদ্দিন লাভলু শুটিং করছেন আরও একটি ধারাবাহিকের, নাম দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার। গত ডিসেম্বরে শুরু হয় ওই নাটকের কাজ। লাভলু নির্মিত ধারাবাহিক কবুলীয়তনামা-এর প্রচার শেষ হয় প্রায় দেড় বছর আগে। এ সময়ের মধ্যে লাভলু ব্যস্ত ছিলেন খণ্ড নাটক নিয়ে।