লাভলুর 'দি ভিলেজ ইঞ্জিনিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু

টেলিভিশন ধারাবাহিক রঙের মানুষ, ব্যস্ত ডাক্তার, ভবের হাট-এর কথা নিশ্চয় মনে আছে দর্শকদের। গ্রামীণ প্রেক্ষাপটে জনপ্রিয় এই ধারাবাহিকগুলোর নির্মাতা সালাহউদ্দিন লাভলু—এটাও নিশ্চয় ভোলেননি কেউ।
ভক্তদের জন্য সুখবর হলো নতুন ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এ পরিচালক।
দি ভিলেজ ইঞ্জিনিয়ার নামের এই ধারাবাহিকের রচয়িতা মাসুম রেজা। স্বভাবতই বেছে নেওয়া হয়েছে গ্রামীণ প্রেক্ষাপট। সালাহউদ্দিন লাভলু অবশ্য বললেন একটু ভিন্নভাবে।
‘দিন দিন গ্রাম যেভাবে ডিজিটাল হচ্ছে সেভাবেই এগিয়েছে আমাদের গল্পও। মুঠোফোন, ল্যাপটপ এখন আর শহরবাসীর না, গ্রামের লোকজনও ব্যবহার করে। কিন্তু এসব যন্ত্রে কোনো সমস্যা দেখা দিলে যেতে হয় অনেক দূর। যদি গ্রামেই একজন ইঞ্জিনিয়ার চলে আসে তাহলে কেমন হয়? এটা নিয়েই দি ভিলেজ ইঞ্জিনিয়ার -এর মূল গল্প।’
লাভলু জানালেন, ডিসেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু হবে নতুন ধারাবাহিকের। সবকিছু ঠিকমতো শেষ হলে আগামী বছর টিভি পর্দায় দেখা যাবে দি ভিলেজ ইঞ্জিনিয়ার। সালাহউদ্দিন লাভলু বছর দেড়েক আগে কবুলিয়তনামা নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন।