চ্যানেল নাইনে ঈদের দিন থেকে শুরু হবে ছয় পর্বের ধারাবাহিক নাটক লার্নেড ফ্রেন্ড। সন্ধ্যা ছয়টায় শুরু হবে এ নাটক। এটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও তুহিন হোসেন। পরিচালনাও করেছেন তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রাণ রায় প্রমুখ।
শহর থেকে গ্রামে ফিরছে সদরুল হক। তার এবারের গ্রামে ফেরা অন্যবারের চেয়ে ভিন্ন। কারণ, এবার সে ওকালতি ডিগ্রিটা নিয়ে ফিরছে। এর আগেও সে একাধিকবার ওকালতি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে গ্রামের মানুষের কাছে তাকে নাজেহাল হতে হয়েছে। তবে এবার আর সেই সুযোগ নেই। গ্রামে ফিরে সদরুল হক নিজ বাড়িতে চেম্বার খুলে বসে। কিন্তু কোনো মক্কেল সে পাচ্ছে না। তাই গ্রামের মানুষদের মধ্যে ঝগড়া লাগানোর ফন্দি আঁটে সে। আর এসব কাজে তার সহযোগী হয় গ্রামের মন্দ লোক হিসেবে পরিচিত নেয়ামুল। সদরুল আর নেয়ামুলের এমন কাণ্ডে গ্রামের অনেকেই বিরক্ত। তাদের ধারণা, সদরুল উকিল হওয়ার আগেই তারা শান্তিতে ছিল।