লিনুর নতুন নাটক 'নীল নীরবতা'

টেবিল টেনিসের ব্যাট ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। এখন মাঝেমধ্যেই তিনি হাতে তুলে নেন লেখনী। তাঁর লেখনী থেকে তৈরি গল্পগুলো নাটকরূপে টিভি পর্দায়ও দেখেছেন দর্শকেরা। বলছি জোবেরা রহমান লিনুর কথা। মাঝেমধ্যেই তিনি নাটক লেখেন। আসছে ঈদুল আজহা উপলক্ষেও লিখেছেন একটি খণ্ডনাটক, নাম নীল নীরবতা। এতে অভিনয় করেছেন অপূর্ব, বাঁধন, অহনা ও জাহিদ হাসান শোভন। নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
নাটকটি প্রসঙ্গে জোবেরা রহমান বলেন, ‘এটা দুই দম্পতির গল্প। নাটকে দুই পরিবারের বেশ কিছু বিষয় উঠে এসেছে।’
নীল নীরবতায় অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি প্রায়ই লিনু আপার নাটকে কাজ করি। আমার মনে হয়, চরিত্রের সঙ্গে মানানসই বলে তাঁর নাটকে অভিনয়ের জন্য আমার ডাক আসে। আমিও আগ্রহ নিয়ে কাজ করি।’ হ্যাঁ, লিনু বলেলেন একই কথা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তাঁর লেখা পাঁচটি নাটকের মধ্যে তিনটিতেই কাজ করেছেন অপূর্ব।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে নাটক লেখেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান। তাঁর ভাষায়, ‘চেষ্টা করি প্রতিবছরই একটি করে নাটক লেখার। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না।’ এ ছাড়া তিনি নাটক প্রযোজনাও করে থাকেন। এবারের নাটকটিও প্রযোজনা করছেন লিনু তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান লিনুস ড্রিম থেকে।
নীল নীরবতা এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাতে প্রচারিত হবে।