লোকাল বাসে অপূর্ব ও সাবিলা

রাজধানীর মৌচাক থেকে উত্তরার পথে লোকাল বাসটি চলছে। পাশাপাশি দাঁড়িয়ে সেই বাসের দুই যাত্রী অপূর্ব ও সাবিলা নূর। ছোট পর্দার এই দুই তারকা লোকাল বাসের যাত্রী! এটি জানতেই যখন কথা হলো অপূর্বর সঙ্গে, তখন জানা গেল আসল ঘটনা। তাঁরা আসলে শুটিং করছিলেন পাশাপাশি নামে এক ঘণ্টার একটি নাটকের জন্য। সাধারণ যাত্রীদের মধ্যে লোকাল বাসে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অপূর্ব বললেন, বাসটি শুটিংয়ের কাজে ভাড়া করা হলেও তাতে পথে সাধারণ যাত্রীদের তোলা হয়েছিল, যাতে দৃশ্যটি বাস্তবসম্মত হয়।
গতকাল মঙ্গলবার নাটকটির শুটিং শেষ হয়েছে। অন্য রকম কায়দায় করা এই শুটিং খুব উপভোগ করেছেন অপূর্ব। তিনি বলেন, গল্পের প্রয়োজনে বাংলামোটরে ওভারব্রিজে উঠে রাতের রাস্তার গাড়ি দেখা, দুপুরবেলায় নীলক্ষেতে মোবারকের দোকানের তেহারি খাওয়া—সবই করা হয়েছে এই নাটকের জন্য। তিনি আরও বলেন, ‘১০-১৫ বছর আগে বন্ধুরা মিলে যা যা করতাম, এই নাটকের কল্যাণে সেই জীবনেই যেন ফিরে গিয়েছিলাম।’
পাশাপাশি নাটকের চিত্রনাট্যকার ও পরিচালক সাগর জাহান বলেন, নাটকে সাবিলা এক ধনাঢ্য ব্যবসায়ী অপূর্বর ব্যক্তিগত সহকারী। মধ্যবিত্ত জীবনের ছোঁয়া লাগেনি অপূর্বর জীবনে। সেই জীবনকে কাছ থেকে দেখানোর জন্য অপূর্বকে নিয়ে সাবিলা ঘুরেছেন ঢাকা শহরের চেনা রাস্তায়।
নাটকটি আগামী ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক।