শখের ভক্ত বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিকা কবির শখ
আনিকা কবির শখ

তারকা ভক্তদের ভক্তি আর ভালোবাসা নিবিড়। এ বিষয়টি বেশির ভাগ সময় তারকারা উপভোগই করেন। তবে মাঝেমধ্যে কোনো ভক্তের বাড়াবাড়ির কারণে তা তাঁদের জন্য অস্বস্তিকর এক বিড়ম্বনাও সৃষ্টি করে। সম্প্রতি এমন বিড়ম্বনার মুখোমুখি হয়েছিলেন হালের আলোচিত মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘সপ্তাহ খানেক আগের ঘটনা। বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছি। সিঁড়ি দিয়ে উঠছি। হঠাৎই একটা ছেলে দৌড়ে সামনে এসে দাঁড়িয়ে জানাল, সে আমার অনেক বড় একজন ভক্ত। আমার সঙ্গে একটা সেলফি তুলতে চায়। ছেলেটার এমন আচরণে শুরুতে কিছুটা বিরক্ত হই। তাঁকে বলি, এখন না ভাইয়া...। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। আমার পেছনে যেতেই থাকে।’ 

শখ জানিয়েছেন, এর ফলে সে সময় কিছুটা ভড়কেই যান​ তিনি। তাঁর বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায় যখন ছেলেটি নিজের পরনের শার্টটি শখের সামনেই খুলে ফেলেন।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘ছেলেটি শার্ট খুলে তাঁর হাতটি আমার দিকে বাড়িয়ে দেয়। দেখলাম, ছেলেটির হাতে আমার নাম লেখা। ছেলেটি আমাকে জানায় যে আমার এমন কোনো সাক্ষাৎকার, সংবাদ কিংবা ছবি নেই যা তাঁর সংগ্রহে নেই! কথা প্রসঙ্গে ছেলেটি আরও জানায়, আমারই কারণে নাকি কিছুদিন আগে তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ছেলেটির মুখে এমন কথা শুনে নিজের কাছে খারাপ লাগে। মায়াও হয়। পরে সেই পাগল ভক্তের সঙ্গে সেলফি তুলে বিদায় নিই।’