শখ-নিলয়ের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর একসঙ্গে নিলয় ও শখ
বিয়ের পর একসঙ্গে নিলয় ও শখ

মডেল, অভিনয়শিল্পী শখ ও নিলয়ের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। দুজনকে একসঙ্গে কোথাও দেখা গেলে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। এখন থেকে আর এ–জাতীয় কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না তাঁদের। নির্দ্বিধায় তাঁরা ঘুরে বেড়াতে পারবেন, যেখানে মন চায়। গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে শখ ও নিলয় বিয়ে করেছেন। পারিবারিকভাবে টিভি নাটকের জনপ্রিয় এই দুই মুখের বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে। শখদের গেন্ডারিয়ার বাড়িতে বিয়ের আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
২০১১ সালের নভেম্বর মাসে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় পরস্পরের কাছাকাছি আসেন শখ ও নিলয়। সেই হিসেবে প্রেমের সম্পর্কের পাঁচ বছরের মাথায় বিয়ের কাজটি সেরে নিলেন তাঁরা। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প নামের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সম্পর্ক নিয়ে ওঠে গুঞ্জন, যে গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁরা নিজেদের প্রেমের ব্যাপারে ছিলেন বেশ খোলামেলা। বছর খানেক পরই ফেসবুকে বদলে যায় তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাস। ২০১৩ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে দুজন একে অপরের ছায়াও মাড়াতেন না বলে জানা গেছে। দুজনের প্রোফাইলে ‘ইন আ রিলেশনশিপ উইথ’ থেকে ‘সিঙ্গেল’-এ ফিরে যান। গত বছরের মাঝামাঝি সময়ে আলোচিত এই জুটির সেই শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। আবারও জুটি বেঁধে অভিনয় শুরু করেন।
হঠাৎ বিয়ে করে ফেললেন? প্রথম আলোর এমন প্রশ্নে নিলয়ের উত্তর: ‘কিছুদিন হলো দুই পরিবারের মুরব্বিরা কথা বলেছেন। তাঁরাই সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও তাঁদের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
এদিকে শখ বলেন, ‘এত দিন যাঁকে ভালোবেসেছি, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সবকিছু মিলিয়ে আমি অনেক খুশি।’
মধুচন্দ্রিমা প্রসঙ্গ উঠতেই শখ ও নিলয় বলেন, ‘আপাতত যাওয়া হচ্ছে না। দুই দিন অবসর, এরপর যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। তারপর মধুচন্দ্রিমায় যাব।’ আর সুবিধাজনক সময়ে
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথাও ভাবছেন তাঁরা।