শবনম ফারিয়ার অভিনয়ের 'পরীক্ষা'!

একজন অভিনয়শিল্পীকে কত ধরনের চরিত্রেই না অভিনয়ের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়। শবনম ফারিয়াও তাই করছেন। অশরীরী আত্মা কিংবা পাশ্চাত্যের তরুণী, বিধবা অথবা ঢাকাইয়া কুট্টি; গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার পরীক্ষাই তিনি দিচ্ছেন।
এবারের ঈদের জন্য নির্মিত একাধিক নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া। তাঁর অভিনীত চরিত্র গুলির মধ্যে আছে ‘হনন’ নাটকে এক অশরীরী আত্মা, ‘বাতাসের মানুষ’ নাটকে এক বিধবার চরিত্র, ‘আমার বন্ধু ডেভিল’ নাটকে এক পশ্চিমা তরুণী, ‘অপেক্ষা’ নাটকে আশির দশকের এক মেয়ে।
পুরোনো ঢাকার ফুল ভাই নাটকে শবনম ফারিয়া অভিনয় করছেন ঢাকাইয়া কুট্টি এক মেয়ের চরিত্রে। একাধিক ও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে গিয়ে নতুন প্রজন্মের অভিনেত্রী শবনম ফারিয়া যেন রীতিমতো পরীক্ষাতেই বসেছেন।
এ প্রসঙ্গে ফারিয়া বলেছেন, ‘নতুন, একটু ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার আগ্রহটা আমার একটু বেশি। এতে অভিজ্ঞতা বাড়ে। ভালো অভিনয় শেখার সুযোগ তৈরি হয়।’
শবনম ফারিয়া অবশ্য এও জানিয়েছেন, ঈদের এই নাটকগুলোতে একাধিক ভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়ে কম কষ্ট করতে হয়নি তাঁকে।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকগুলোতে অভিনয় করতে গিয়ে আমাকে রীতিমতো পড়ালেখা করতে হয়েছে। বন্ধুবান্ধব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মিশতে হয়েছে, কথা বলতে হয়েছে। পুরোনো ঢাকার ভাষাও চর্চা করতে হয়েছে।’ তিনি বলেন, ‘৮০ দশকের একজন তরুণী চরিত্রটি তুলতে আমার মা খুবই সহযোগিতা করেছেন।’
এ ছাড়া, এই ঈদে শবনম ফারিয়া অভিনীত নাটক ‘ঘাসফুল’, ‘মেঘের পরে সূর্য হাসে’ এবং ‘মায়া’ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা।