শব্দদূষণ ঠেকাতে নাচ?

দু–তিন দিন হলো নাচ শিখছেন মোশাররফ করিম, ভাবনা, রওনক হাসান ও ফারুক আহমেদরা। শিক্ষক নৃত্যশিল্পী লায়লা হাসান। এবার ঈদে কি তবে দল বেঁধে নাচবেন তাঁরা? না, শব্দদূষণ নামের একটি বিশেষ ধারাবাহিকের জন্য এই নৃত্যশিক্ষা। ঈদে সাত পর্বে দেখানো হবে এই ধারাবাহিকটি। রচনা ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।
শব্দদূষণ প্রথম শুটিং হয় ভারতের মানালিতে। পরে ঢাকায়। এই কমেডি নাটকটির মধ্য দিয়ে বার্তা দেওয়া হবে, বেশি কথা বললে আসলে শব্দদূষণ হয়, জানালেন ভাবনা। তিনি বলেন, ‘মোশাররফ ভাই মানালির চিকিৎসক। আমার স্বামী রওনক চিকিৎসার জন্য আমাকে তাঁর কাছে নিয়ে যান। একসময় মানালি থেকে তিনি ছুটে আসেন ঢাকায়। এ নিয়ে মজার সব অশান্তি। একটা সময় আমরা সবাই নাচতে শুরু করি। নেতৃত্ব দেন আমার শাশুড়ি লায়লা আন্টি। ভীষণ মজা পেয়েছি কাজটি করে।’
শব্দদূষণ যে কোন চ্যানেলে দেখা যাবে, এখনো ঠিক হয়নি। ভাবনার মামাশ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন ফারুক আহমেদ।