শহরজুড়ে পিয়া বিপাশা

মুঠোফোনের ওপাশ থেকে নতুন খবর জানালেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। অল্প কদিন আগে একটা নতুন টয়লেট্রিজ ব্রান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। পিয়া জানান, এটি একটি বডি লোশন। এরই মধ্যে ব্রান্ডটির হয়ে একটা ফটোশুটও করে ফেলেছেন তিনি। সেই ফটোশুটের স্থিরচিত্রগুলো দেখা যাবে শহরের বিলবোর্ডগুলোতে। বলা যায়, খুব শিগগিরই রাজধানীর অনেক বিলবোর্ডই থাকবে পিয়া বিপাশার দখলে।
নতুন কাজ সম্পর্কে বললেন, ‘কাজটি করে বেশ ভালো লেগেছে। কারণ পণ্যটি নতুন। নতুন পণ্যর সঙ্গে কাজ করার একটা মজা আছে।’
বিলবোর্ডে নিজের ছবি প্রসঙ্গে বলেন, ‘এর আগেও আমি এ বিষয়ে কাজ করেছি। বিলবোর্ডে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। তবে শুধু বিলবোর্ড নয়, স্থিরচিত্রগুলি দিয়ে আরও কিছু ব্র্যান্ডিং করবে প্রতিষ্ঠানটি। যেমন পত্রিকা, ম্যাগাজিন, অনলাইনেও আরও বেশ কিছু কাজ করবে তাঁরা।’
ফটোশুটে পিয়া বিপাশার সঙ্গে নতুন একজন পুরুষ মডেলও কাজ করেছেন।
মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা বর্তমানে একটি চলচ্চিত্রের শুটিং করছেন নিয়মিত। ‘মনের রাজা’ নামের এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ঢাকাই ছবির অভিনেতা জায়েদ খান।
নতুন ছবির কাজ প্রসঙ্গে পিয়া বিপাশা বললেন, ‘ছবির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। এখন এ ছবির কিছু গানের কাজ বাদ আছে। এর কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে।’