শহরের গল্প নিয়ে 'ছন্নছাড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছন্নছাড়া’ নাটকের একটি দৃশ্যে রিচি সোলায়মান
‘ছন্নছাড়া’ নাটকের একটি দৃশ্যে রিচি সোলায়মান

তরুণদের আগ্রহ, আনন্দ-বেদনার গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ছন্নছাড়া’। রাজধানীকে চেনা ও কর্মসংস্থানের জন্য শহরে আসা তরুণদের সংগ্রামী জীবনের চিত্র পাওয়া যাবে নাটকটিতে। ১৮ অক্টোবর থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’।

নাটকে একটি চাকরির জন্য মফস্বল থেকে ঢাকায় আসে নীল নামের এক তরুণ। কাজ পাওয়ার জন্য তাঁর সংগ্রামের সীমা থাকে না। একসময় কাজ পেয়ে গেলেও বেতন দেওয়া হয় না তাঁকে। প্রতিষ্ঠা পেতে মফস্বল থেকে ঢাকায় আসা এই তরুণ ও ঢাকার একদল তরুণের গল্প নিয়ে নাটক। পরিচালক রাজিবুল ইসলাম জানালেন, ‘চাকরিপ্রত্যাশী একজন তরুণকে নিয়ে তার নিয়োগদাতা যেসব নির্মম আচরণ করেন, নাটকে সেটাও খানিকটা দেখা যাবে। মূলত নগরকেন্দ্রিক গল্প নিয়েই এই নাটক।’
দুই প্রজন্মের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগাভাগি করলেন রাজিবুল। বললেন, ‘পুরোনোদের সঙ্গে কাজের অনেক আনন্দ আছে। তাঁরা পেশাদার। পাণ্ডুলিপি পড়ে আসেন, ঠিক সময়ে স্পটে হাজির হন। বয়সে নবীন হলেও পরিচালক হিসেবে আমাকে তাঁরা যে সম্মান দেন, তাতে আমি অভিভূত হই। আমি তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখি।’ তরুণদের ব্যাপারে তিনি বলেন, ‘নতুনেরা মনে করে, নিজেদের চরিত্রেই অভিনয় করতে হবে তাঁদের। প্রত্যেকটি চরিত্র যে আলাদা, সেটা বুঝতে চায় না তাঁরা। তবে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে। আমাদের কাজ চরিত্রটিকে তাঁদের ভেতরে প্রবেশ করতে সাহায্য করা।’
মাসুম রেজার রচনায় আগামী মঙ্গলবার থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে নাটকটি। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, টয়া, তৌসিফ, রজত প্রমুখ। ‘ছন্নছাড়া’ বাংলাভিশনের প্রথম নিজস্ব প্রযোজনার ধারাবাহিক নাটক।