শাবানা, ববিতা, মৌসুমীর বেশে!

কখনো শাবানা, কখনো ববিতা আবার কখনো বা মৌসুমী—এমন জনপ্রিয় সব নায়িকার বেশে দর্শকের সামনে হাজির হবেন অভিনয়শিল্পী স্বাগতা। চলচ্চিত্রবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেই তাঁকে এই বেশ নিতে হবে। গত মঙ্গলবার অনুষ্ঠানটির দুটি পর্বের শুটিংও সেরে নিয়েছেন এই শিল্পী।
বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত চলচ্চিত্রবিষয়ক এ অনুষ্ঠানের নাম ‘রুপালি দিনের সোনালি গল্প’। সাত বছর আগে ‘সিনেবিট সাদাকালো’ নামে একই চ্যানেল নিয়মিত একটি চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্বাগতা। এত বছর পর আবারও চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘আমি নিজে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে পড়েছি। তাই চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠানের প্রতি আমার আলাদা ভালো লাগার অনুভূতি কাজ করে। সে কারণেই এ অনুষ্ঠানের উপস্থাপনা করা।’
রুপালি দিনের সোনালি গান অনুষ্ঠানের প্রতি পর্বে একটি সিনেমার খুঁটিনাটি বিষয় দর্শককে জানানো হবে। থাকবে ওই ছবির গান ও ছবিকে ঘিরে সাক্ষাৎকারও। স্বাগতার ভাষায়, যেহেতু একটা সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তাই সেই সুযোগে অনেক কালজয়ী সিনেমা দেখা হবে। পাশাপাশি গুণী সব অভিনেত্রীর বেশে প্রতি পর্বে দর্শকের সামনে হাজির হওয়ার ব্যাপারটিও যেমন মজার, তেমনি রোমাঞ্চকর। রুপালি দিনের সোনালি গান অনুষ্ঠানটির প্রযোজক নাহিদ বিপ্লব।