শাহ আবদুল করিমের গান থেকে...

শাহ আবদুল করিমের জনপ্রিয় গান ‘আমি এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে’ অবলম্বনে নির্মিত হলো টেলিছবি জলজ্যোৎস্না। ঈদের জন্য এই টেলিছবিটি নির্মাণ করেছেন আজাদ কালাম। চিত্রনাট্য অশোক বসাকের। তবে এর মূল কাহিনি নির্মাতা অনিমেষ আইচ। টেলিছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও প্রসূন আজাদ।
গত সপ্তাহে ময়মনসিংহের ভালুকায় জলজ্যোৎস্নার শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। মুঠোফোনে পরিচালক আজাদ কালাম বলেন, ‘টেলিছবিটি মূলত ভাটি অঞ্চলের মানুষের প্রেম–ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে। যার মূল অবলম্বন শাহ আবদুল করিমের ওই গান।’
টেলিছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রওনক হাসান, ‘জলজ্যোৎস্নার জন্য বেশ কষ্ট করতে হয়েছে। টানা তিন দিন শুটিংয়ে অনেক পরিশ্রম করেছি। এখন কাজটি সবার ভালো লাগলেই আমাদের ভালো লাগবে।’
টেলিছবিটির কাহিনি গড়ে উঠেছে গ্রামের দুটি ছেলেমেয়ের প্রেম নিয়ে, যার শেষ হয় একজনের মৃত্যুর মধ্য দিয়ে, জানিয়েছেন পরিচালক। জলজ্যোৎস্নায় আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, মনিরা মিঠু, সবুজ খান ও মাহি খান। আসছে ঈদে একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিছবিটি।