শিগগির শুরু হচ্ছে 'পালঙ্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এশিয়ান টিভির কর্মকর্তারা
সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এশিয়ান টিভির কর্মকর্তারা

এশিয়ান টিভিতে শিগগির শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পালঙ্ক’। ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বাঁধন, শামীমা নাজনীন, দিতি, তুষার খান, অহনা, নিলয়, আরমান পারভেজ মুরাদ, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জল, চম্পা, কুমকুম হাসান, ফারুখ আহমেদ সহ আরও অনেকে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এশিয়ান টেলিভিশনের নতুন প্রোডাকশন হাউস এশিয়ান ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়ার দপ্তরে এক সংবাদ সম্মেলন এই নাটক সম্পর্কে জানানো হয়। সেসময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিকাস্ট লি.-এর চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ। তিনি জানান, এখন থেকে দেশে-বিদেশে বৈচিত্র্যময় অনুষ্ঠান, নাটক, সিনেমার কাজ করবে ‘এশিয়ান ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া’। নতুন এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো দীর্ঘ ধারাবাহিক নাটক ‘পালঙ্ক’ দিয়ে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, মো. সাজ্জাদ হোসেন রশীদ, মো. মিনার রশীদ, মাহির আলী খান, প্রধান নির্বাহী বেণু শর্মা, বার্তা বিভাগের প্রধান উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত অতিথিদের পালঙ্ক নাটকের একটি বিশেষ পর্ব বড় পর্দায় দেখানো হয়। নতুন বছরের শুরুতে এশিয়ান টিভিতে প্রচারিত হবে নাটকটি।