শিল্পী ও কলাকুশলীদের ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবস্থান কর্মসূচিতে শিল্পী ও কলা​কুশলীরা l ছবি: প্রথম আলো
অবস্থান কর্মসূচিতে শিল্পী ও কলা​কুশলীরা l ছবি: প্রথম আলো

লাল ইটের দীপ্ত টিভি ভবনের বিভিন্ন তলার কয়েকটি জানালা খোলা। সেই জানালা ও ভবনের ছাদে উৎসুক মুখ। সবার দৃষ্টি ভবনের মূল ফটকের সামনে। ততক্ষণে ভবনের সামনে দাঁড়িয়ে গেছেন টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা। তাঁদের পেছনে ও মূল ফটকের মাঝামাঝিতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই তাঁদের এই অবস্থান। আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল, বাংলায় ডাবিং করা বিদেশি ধারাবাহিক বন্ধের দাবিতে ১৯ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন দীপ্ত টিভির সামনে দাঁড়াবে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এফটিপিওর আহ্বায়ক ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু চ্যানেল আমাদের দাবির পক্ষে সমর্থন জানিয়ে বিদেশি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই চ্যানেলেরও শুভ বুদ্ধির উদয় হোক।’
অবস্থান কর্মসূচির সময় শিল্পী ও কলাকুশলীদের হাতে ছিল বিদেশি ধারাবাহিক বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। পরে ‘দেশি শিল্প ও সংস্কৃতি রক্ষার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারের পেছনে দাঁড়িয়ে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কেউ কেউ দীপ্ত টিভি বন্ধেরও দাবি জানান। দুপুর ১২টা নাগাদ শেষ হয় অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেন, ‘শুধু দীপ্ত নয়, সব চ্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের সব অনুষ্ঠান প্রচার করুক—এই প্রত্যাশা করি।’
বিদেশি ধারাবাহিক বন্ধসহ বেশ কিছু দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন করছে এফটিপিও।