শিশুদের নিয়ে 'স্বপ্নডানায়' বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে বাঁধন
‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে বাঁধন

শিশুশিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ আড্ডা স্বপ্নডানায় মেতে উঠতে দেখা যাবে লাক্স তারকা বাঁধনকে। আসছে ঈদে ‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে আড্ডা দিতে দেখা যাবে তাঁকে। ঈদের জন্য নির্মিত মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানটির সঞ্চালকের আসনে বসেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। গতকাল রোববার অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে।

অনুষ্ঠান প্রসঙ্গে বাঁধন বললেন, ‘উপস্থাপনা করতে ভালো লাগে। তবে লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করতে বেশি ভালো লাগে। অভিনয়ের বাইরে খুব একটা সময় পাই না। তবে ‘‘স্বপ্নডানায়’’ অনুষ্ঠানের ভাবনা শুনেই কাজ করতে রাজি হয়েছি। শিশুদের সঙ্গ বরাবরই আমার ভালো লাগে। আমার মেয়ে সায়রার জন্মের পর থেকে এ ভালো লাগা অসম্ভব এক ভালোবাসায় রূপ নিয়েছে। এখন আমার সবটুকু পৃথিবী জুড়েই আছে সায়রা।’

‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে বাঁধন
‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে শিশুশিল্পীদের সঙ্গে বাঁধন

বাঁধন এও বলেন, ‘সায়রাই আমাকে অনুরোধ করেছে, অনুষ্ঠানটি উপস্থাপনা করতে। অনেক উপভোগ করেছি এ প্রজন্মের কিশোর তারকাদের সঙ্গে গল্প করে। আশা করছি, শিশুদের সঙ্গে আমার রসায়ন দর্শক উপভোগ করবে।’
বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় চার খুদে শিল্পী পূজা চেরি রায়, পিদিম, ফারদিন মাহী এবং মীম নোশিন। ‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানে দেখা যাবে, বাঁধন তাদের সঙ্গে গল্প করছেন, মজার মজার খেলা খেলছেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে ‘স্বপ্নডানায়’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে।
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন বাঁধন। এরপরপরই অভিনয় শুরু করেন। ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করেন বাঁধন। পরবর্তী সময়ে আরও অনেক অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। অভিনয়ের বাইরে বাঁধন একজন দন্ত চিকিৎসক।