শুটিং সঙ্গী
চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

মোশাররফ করিম
‘আমি খুব অগোছালো মানুষ। শুটিংয়ে যাওয়ার সময় খুব জরুরি কিছু ছাড়া বেশি কিছুই নিই না। এর মধ্যে মুঠোফোনটা জরুরি, তাই এটা নিয়ে বের হই।’ বলছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জানালেন, শুটিংয়ে নেওয়ার জন্য স্ত্রী তাঁকে একটি চেয়ার কিনে দিয়েছিলেন। সেটা হারিয়ে গেছে। এ ছাড়া শুটিংয়ে নেওয়ার জন্য আইসবক্স, প্লেট, গ্লাস, মগ থাকলেও কখনোই নেওয়া হয় না। হাসতে হাসতে মোশাররফ বললেন, ‘এসবের সঙ্গে আমার বিরহ চলে।’

মৌটুসি বিশ্বাস
শুটিং স্পটে প্রায়ই মুড়ি নিয়ে যান মৌটুসি বিশ্বাস। বললেন, ‘শুধু মুড়ি নয়, আমি শুটিং স্পটে শুকনো খাবার নিয়ে যাই। মুড়ি ছাড়াও সে তালিকায় আছে বাদাম ও বিস্কুট। তবে বিস্কুটগুলো অবশ্যই নিজের হাতে বানানো।’ এ ছাড়া মৌটুসির ব্যাগে থাকে কফি, দুধ, চিনি ও ডায়েট পানীয়।