শুটিংবাড়িতে এখনো ছুটির আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় ফাঁকা এক শুটিংবাড়ি
উত্তরায় ফাঁকা এক শুটিংবাড়ি

রাজধানীর চেনা যানজট ফিরে এসেছে। ফিরে আসছে গ্রামে যাওয়া মানুষেরাও। কিন্তু ঈদের আগের জমজমাট শুটিংবাড়িগুলোতে এখনো ফিরে আসেনি আগের চিত্র। ছুটির আমেজ রয়েছে সেখানে। রাজধানীর উত্তরা ও গাজীপুরের পুবাইলের শুটিংবাড়িগুলোতে এখনো সেভাবে শুরু হয়নি তারকাদের আনাগোনা।
পুবাইলে অবশ্য ঈদের পরের দিনই শুটিং হয়েছে একটি ঈদের নাটকের। অনিমেষ আইচের রচনা ও আজাদ কালামের পরিচালনায় যমজ ৬ নামের নাটকটি এরই মধ্যে প্রচারও হয়েছে। ওই দিনের পর থেকে মোটামুটি একটি-দুটি করে শুটিং চলছে পুবাইলে। শুটিংবাড়ি সমন্বয়কারী আফতাব উদ্দিন বললেন, ঈদের আগে যেমন ব্যস্ত ছিল শুটিংবাড়ি, এখনো সেভাবে কাজ শুরু হয়নি। ঈদের আগে পুবাইলে শুটিংবাড়ি না পেয়ে অনেক নির্মাতাই লোকেশন পরিবর্তন করে বিভিন্ন জায়গায় শুটিং করেছেন। এখন সে রকম চাপ নেই।
পুবাইলে যমজ ৬-এর পরে ধারাবাহিক নাটক নোয়াশাল-এর শুটিং শুরু হয়েছে। এ ছাড়া আজ বুধবার থেকে আরও একটি নাটকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পুবাইলে ১০-১২টি শুটিংবাড়ি রয়েছে।
পুবাইলের মতো উত্তরার শুটিংবাড়িগুলোরও একই অবস্থা। শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান বলেন, রোজার ঈদের সময় চাঁদরাত পর্যন্ত শুটিং চললেও এই ঈদে এক দিন আগেই শুটিং শেষ হয়েছে। আর শুরুও হয়েছে দেরিতে। এই ঈদের পরে শুটিংবাড়ির ব্যস্ততা মোটামুটি ৮-১০ দিন পর শুরু হয়।
হাসতে হাসতে খলিলুর রহমান বলেন, এই ঈদে খাওয়াদাওয়া আর আত্মীয়স্বজনের বাড়িতে তো সবাই বেড়াতে যান। তাই কাজে ফিরতে একটু সময় লাগে। তবে কিছু বাড়িতে ধারাবাহিক নাটকের নিয়মিত শুটিং শুরু হয়েছে বলে জানালেন তিনি।
এ ছাড়া রাজধানীর ইস্কাটনের প্রিয়াঙ্কা শুটিংবাড়িতে এখনো শুটিং শুরু হয়নি। সেখানে এখনো লেগে আছে ঈদের ছুটির আমেজ। কবে নাগাদ শুরু হবে, সেটিও বলতে পারলেন না সেখানকার কর্মীরা।