শুটিংয়ে শবনম ফারিয়াকে বানরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম ফারিয়া
শবনম ফারিয়া

সুইজারল্যান্ডে ‘নিয়তির মুচকি হাসি’ টেলিছবির কাজ হওয়ার কথা ছিল বছর খানেক আগে। কিন্তু ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে এ বছর জুন মাসে শুটিং হয়েছে থাইল্যান্ডে। এখানে বানরের হামলার শিকার হন শবনম ফারিয়া।

আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে তিনি জানান, ‘নিয়তির মুচকি হাসি’ টেলিছবির শুটিং করেছেন থাইল্যান্ডের মাংকি টেম্পলে। সেখানে বানরের হামলার শিকার হন তিনি।

বললেন, ‘জায়গাটার নাম বানসেন। ওখানে হাজার হাজার বানর। আর একেকটা বানর অনেক বড়। আগে থেকেই পরিচালক রাজিবুল ইসলাম রাজিব বলেছিলেন, কোনোভাবেই এসব বানরকে খ্যাপানো যাবে না। আমরা ওদের বিরক্ত করব না। কিন্তু বানরগুলোই আমাদের বিরক্ত করে। একটা ছোট বানর আমার কাঁধে এসে ওঠে। সবাই বলল, ও বসে থাক। দেখি, কিছুক্ষণ পর বানরটি আমার পিঠে কামড় দিচ্ছে। আমি তো ভয়ে চিৎকার দিচ্ছি। শেষ ওখান থেকে ছুটে পালানোর অবস্থা। শুটিং না করে মাত্র ঘণ্টা খানেক থেকেই আমরা ওখান থেকে চলে আসি।’

কয়েকটি বানর নাকি টেলিছবির আরেক শিল্পী তৌসিফকে আক্রমণ করে। তাঁর ব্যাগ কেড়ে নেয়। পরে অনেক কষ্টে বানরদের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে।

এ সময় মাংকি টেম্পলে আরও উপস্থিত ছিলেন আফজাল হোসেন, তানিয়া আহমেদ ও জোভান। তাঁরাও অভিনয় করেছেন এই টেলিছবিতে। আজ বেলা আড়াইটায় চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।