শুটিংয়ে বিপাকে শবনম ফারিয়া!

দেশের ছোটপর্দার অভিনয়ের আঙিনায় শবনম ফারিয়ার বিচরণ খুব বেশি দিনের নয়। এর মধ্যে যতগুলো নাটক বা টেলিছবিতে তিনি অভিনয় করেছেন, এর বেশির ভাগই শহুরে চরিত্রে। বড়জোর মফস্বল শহরের কোনো মেয়ের চরিত্রে দেখা গেছে তাঁকে। কিন্তু গ্রামের মেয়ে বা গৃহবধূর চরিত্রে একেবারেই না। সম্ভবত এ কারণেই সম্প্রতি এক টেলিছবিতে গ্রামের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে গিয়ে ঘটেছে বিপত্তি। তাও আবার যে সে বিপত্তি না। একেবারে হাঁচি-কাশি দিয়ে একাকার।
ঘটনাটা শুনুন শবনম ফারিয়ার মুখেই, ‘আমি কখনো মাটির ঘরের ভেতর অভিনয় করিনি। এবার ‘পাইলট’ নামের একটি টেলিছবিতে অভিনয় করতে গিয়ে মোটামুটি কাহিল অবস্থা হয়েছিল। কারণ আমার ধুলাবালিতে অনেক অ্যালার্জি। মাটির ঘরের মধ্যে শুটিংয়ের সময় সেখানে ঢুকলেই হাঁচি চলে আসত। এই হাঁচির কারণে অনেকবারই পরিচালককে থামতে হয়েছে। শুটিংয়ের সময় বারবার ‘কাট’ করতে হয়েছে। পরে অবশ্য ঠিকঠাকমতোই কাজটি শেষ করতে পেরেছি।’
ফারিয়া জানিয়েছেন, গেল ২১ ও ২২ অক্টোবর পুবাইলের একটি বাড়িতে এই টেলিছবির দৃশ্যধারণ করা হয়েছে। এখানে তাঁর সহশিল্পী ছিলেন অভিনেতা নিরব। আর এই টেলিছবিটি পরিচালনা করেছেন শাহজাদা মামুন। খুব শিগগিরই টেলিছবিটি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এই টেলিছবিতে ফারিয়া অভিনয় করেছেন নিরবের স্ত্রীর চরিত্রে।
শবনব ফারিয়া বর্তমানে অভিনয় করছেন পাঁচটি ধারাবাহিকে। এর মধ্যে মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে ‘দোস্ত দুশমন’, এনটিভিতে ‘হাউজ ফোরটি ফোর’ ও ‘একদিন ছুটি হবে’, আরটিভিতে ‘ঝালমুড়ি’ এবং দেশ টিভিতে ‘কলিং বেল’।