শুরু হচ্ছে দহন

সাংবাদিকতা পেশা থেকে একটা সময় নাটক নির্মাণের সঙ্গে যুক্ত হন অরণ্য আনোয়ার। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার শুরু হচ্ছে তাঁর লেখা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক। নাম দহন। এটিএন বাংলায় কাল রোববার থেকে এটির প্রচার শুরু হচ্ছে।
দীর্ঘ এই ধারাবাহিক নাটকটির প্রচার উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিপণন উপদেষ্টা শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকটির পরিচালক অরণ্য আনোয়ার, প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের কর্ণধার আলী বশীর, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, শাহাদাৎ হোসেন, প্রভা, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ।
সংবাদ সম্মেলনে দহন নাটকের পরিচালক, অভিনয়শিল্পীরা নাটকটির বিভিন্ন দিক তুলে ধরেন। অরুণা বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সমাজের সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে দহন নাটকের গল্প। নাটকটির সংলাপের মধ্য দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস, নাটকটি দেখে অনেকেরই ভালো লাগবে।’
অরণ্য আনোয়ার বলেন, ‘খুব বাড়িয়ে বলার কিছু নেই। সবাইকে শুধু নাটকটি দেখার জন্য অনুরোধ করব। দর্শকরাই তারপর নির্ধারণ করবেন, নাটকটি আদৌ ভালো লেগেছে কি না। তবে এটুকু আমি জোর দিয়ে বলতে চাই, নির্মাণের ব্যাপারে আমি কোনো ধরনের ঘাটতি রাখিনি।’