শুরু হয়েছে আগামী ঈদের নাটকের শুটিং

গত শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলের সামনে কথা হলো অভিনেতা সাজু খাদেমের সঙ্গে। তাঁদের নাটকের দল নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’র মঞ্চায়ন হবে খানিক পরেই। মিলনায়তনে ঢোকার অপেক্ষায় সারি বেঁধে দাঁড়িয়ে আছেন দর্শক। সবকিছু ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে এল ঈদুল আজহার নাটকের অভিনয়। বললেন, ‘কাজ তো শুরু হয়ে গেছে। এরই মধ্যে কয়েকটা করেছিও। যেমন আগামীকাল (শনিবার) শুরু করব মুহাম্মদ মোস্তফা কামালের “প্রতিশ্রুতি” নাটকের শুটিং।’
নাটকটি নিয়ে গতকাল কথা হলো পরিচালকের সঙ্গে। তিনি বললেন, ‘ঈদের পরে প্রথম কাজ শুরু করলাম। সাজু ভাইসহ অভিনয় করছেন ভাবনা, আরফান, নাবিলা প্রমুখ। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি।’
অন্যদিকে, গেল ঈদুল ফিতরের পরদিন থেকেই কক্সবাজারে শখ ও নিলয়কে নিয়ে ঈদুল আজহার নাটকের শুটিং শুরু করেছিলেন পরিচালক মাহমুদ দিদার। এরই মধ্যে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এই দম্পতি। মাহমুদ দিদার আরও একটি নাটকের শুটিং করছেন সেখানে।
এ সপ্তাহেই ঈদুল আজহার জন্য আরও কিছু নাটকের কাজ শুরু হবে। শুটিং দল ছুটবে দেশের বাইরেও। এর মধ্যে নির্মাতা রাইসুল তমাল ১৯ জুলাই নেপালে যাবেন শুটিং করতে। এদিকে তরুণ বেশ কয়েকজন নির্মাতা প্রস্তুতি নিচ্ছেন ঈদের নাটকের শুটিংয়ের। এ মাসের শেষে এবং আগস্টের শুরুতেই বেশির ভাগ শুটিং শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন অধিকাংশ নির্মাতা।