শেষ দিনের শুটিংয়ে সতর্ক তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি নাটকের শুটিংয়ে সবাই মাস্ক পরে আছেন ছবি সংগৃহীত
একটি নাটকের শুটিংয়ে সবাই মাস্ক পরে আছেন ছবি সংগৃহীত

করোনা-সতর্কতার প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে বিনোদন অঙ্গনের সব শুটিং। আজ থেকে বন্ধ হয়েছে বিজ্ঞাপনের শুটিং। আগামীকাল ভোর ৬টা থেকে ৩১ মার্চ রাত ১০টা পর্যন্ত ছোট পর্দাসংশ্লিষ্ট সব শুটিং বন্ধ ঘোষণা করেছে ছোট পর্দার ১৪টি সংগঠন। সচেতনতা বাড়াতে অনেকেই পূর্বনির্ধারিত দিনের আগেই শুটিং বন্ধ করেছেন। অনেকে আগে থেকে শুটিংয়ের শিডিউল দেওয়ায় এখনো অনেকটা বাধ্য হয়ে শুটিং করছেন। শেষ দিনে ঢাকা ও ঢাকার বাইরের শুটিং সেটে খোঁজ নিয়ে জানা যায়, করোনা-আতঙ্ক এবং সতর্কতার মধ্য দিয়েই শুটিংয়ে করেছেন তাঁরা।

‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নাটকের একটি দৃশ্যে ঊর্মিলা শ্রাবন্তী কর ছবি সংগৃহীত
‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নাটকের একটি দৃশ্যে ঊর্মিলা শ্রাবন্তী কর ছবি সংগৃহীত

‘মইশাল’ নামের একটি শুটিংয়ে অংশ নিয়েছেন রওনক হাসান। তাঁর শুটিং লোকেশন কুষ্টিয়া। আজই তাঁর শেষ শুটিং। শুটিংয়ে বেশ সতর্কতার সঙ্গে আছেন এই তারকা। রওনক হাসান জানান, ‘শুটিং সেটে সবার মুখে মাস্ক আছে। সবাই বারবার স্যানিটাইজার ব্যবহার করছি। নির্মাতা দূর থেকে দাঁড়িয়ে দৃশ্য বোঝাচ্ছেন। কাউকেই কাছে আসতে দিচ্ছি না। ১০ মিনিট পরপর হাত ধুয়েছি। অনেকেই ছবি উঠাতে আসছেন, তাঁদের যতটা সম্ভব নিষেধ করছি ছবি না তুলতে। যাঁরা ছবি উঠাতে চাচ্ছেনই, তাঁদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলেছি।’ গ্রামের শুটিংয়ে সাধারণ মানুষের ঢল নেমেছিল। তিনি আরও জানালেন, গ্রামের বেশির ভাগ মানুষ সচেতন না। অনেকেই করোনা ভাইরাসকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না।

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর সুন্দরবনে ‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নামে একটি নাটকের দৃশ্য ধারণে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন গত রাতে। শুটিং সব সময় সচেতন ছিলেন এই অভিনেত্রী। সঙ্গে রেখেছেন হ্যান্ড স্যানিটাইজার। ঊর্মিলা বলেন, ‘ঢাকার বাইরে খুবই সতর্ক ছিলাম। শুটিং সেটে সবাই সচেতন ছিল। কিন্তু সুন্দরবন এলাকায় স্থানীয় বেশির ভাগ সাধারণ মানুষ করোনাভাইরাস সম্পর্কে সচেতন না। অনেক মানুষের ভিড় মনে ভয়ের সৃষ্টি তৈরি করেছে। এতটা সতর্ক থাকার পরও কিছুটা ভয় ছিল। নির্মাতা আরেকটি নাটকের শুটিং করতে চেয়েছিলেন, আমি আগেই শুটিং শেষ করে থেকে চলে এসেছি।’

‘মইশাল’ নাটকের দৃশ্যে রওনক হাসান ছবি: সংগৃহীত
‘মইশাল’ নাটকের দৃশ্যে রওনক হাসান ছবি: সংগৃহীত

অভিনেতা তৌসিফ মাহবুব সর্বশেষ ২০ তারিখে ‘গিফট গার্ল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। শেষ দিনের শুটিংয়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্কে ছিলেন এই অভিনেতা। শুটিং শেষ করেছেন সন্ধ্যা সাতটার মধ্যে। শুটিং সবাই হ্যান্ড গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেছেন। তৌসিফ বলেন, সচেতনতার নির্দেশনা পাওয়ার আগেই শুটিং বন্ধ করেছি। শেষ দিনের শুটিং খুবই দ্রুত শেষ করেছি। সবার মধ্যে একটু আতঙ্ক থাকলেও সবাই সচেতন ছিল। তারপর নিজ থেকে সচেতন থাকতে শুটিং বন্ধ করে দিয়েছি। আগামী ১০ দিন আর বাইরে বের হচ্ছি না।’

তৌসিফ মাহবুব: ছবি সংগৃহীত
তৌসিফ মাহবুব: ছবি সংগৃহীত

২০ মার্চ ছিল চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘প্রিয় প্রতিবেশী’র শুটিং। নির্মাতা আবু হায়াত মাহমুদ। অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, মিলি বাশার, শেখ মাহবুবুর রহমানসহ অনেকে। এই শুটিং সেটে সবাই নিরাপত্তা নিয়ে কাজ করছেন। শুটিংয়ে সবাই মুখে মাস্ক ব্যবহার করেছেন। শেষ দিনের শুটিংয়ে সতর্কতা সম্পর্কে এই নির্মাতা বলেন, ‘শুটিং সেটে সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। প্রোডাকশন থেকে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। বাথরুম ও বেসিনে হ্যান্ডওয়াশ রাখা ছিল। দৃশ্য ধারণের সময় প্রয়োজনীয় টিমের সদস্য ছাড়া ছাড়া অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা হয়েছে। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বারবার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারে বাধ্য করেছি সবাইকে। চা ও পানি পানের জন্য গ্লাস ও কাপ ব্যবহার নিষিদ্ধ ছিল। ওয়ান টাইম গ্লাস ও কাপ ব্যবহার করা হয়েছে।’