সংলাপ ভুলে গেলে বাসায় ফিরে ঘুম হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌসী মজুমদার
ফেরদৌসী মজুমদার

আজ সন্ধ্যায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের মঞ্চায়ন হবে। ৪০ বছর আগের আজকের এই দিনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এরই মধ্যে ১৭৩টি মঞ্চায়ন হয়ে গেছে। শুরু থেকে নাটকটিতে অভিনয় করা একমাত্র শিল্পী ফেরদৌসী মজুমদার। কথা হলো তাঁর সঙ্গে।
৪০ বছর ধরে একটা নাটকে অভিনয় করছেন। কেমন লাগছে?
আমি তো খেয়ালই করিনি! সবাই বলাবলি করার পর বিষয়টি নিয়ে ভাবলাম। এখন মনে হচ্ছে, এটা সাংঘাতিক একটা ঘটনা! সত্যিই খুব ভালো লাগছে। ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ তিনি আমাকে এত দিন সুস্থভাবে নাটকটিতে কাজ করার সুযোগ দিয়েছেন। এটা একটা বিরাট দায়িত্ব। একটা বিষয় নিয়ে গর্ববোধ করি, প্রথম থেকে আমি একই পোশাক পরছি। অনেকের পোশাক ছিঁড়ে যাচ্ছে, রং নষ্ট হয়ে যাচ্ছে। আমারটা রং নষ্ট হলেও পরতে ভালো লাগে। পরিচালক আর পোশাক পরিকল্পককে শ্রদ্ধা জানাতে পারি।
এখন তো মাতবরের মেয়ের চরিত্রে আপনার মেয়ে ত্রপা মজুমদার অভিনয় করছেন।
এখন মাতবরের মেয়ের চরিত্রটা ত্রপা করছে আর আমি গ্রামের বৃদ্ধা। মাতবরের মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য যে শাড়ি আর ব্লাউজটা পরেছিলাম, তা একদম শেষ অবধি ছিল। আমার সেই শাড়ি আর ব্লাউজটা আর ওকে দিইনি। ও নিজেই কিনেছে, আমি শুধু দেখে দিয়েছি। আমি মনে করি, প্রত্যেকের এ বিষয়ে সচেতন থাকা দরকার। পোশাক যত্নে রেখে দেওয়াটা আমার একটা নীতি। এটা আসলে দৃষ্টিভঙ্গিরও ব্যাপার।
মাতবরের মেয়ের চরিত্রে ত্রপা মজুমদার কেমন অভিনয় করছেন?
সে এখন আরও বেশি সিরিয়াস। প্রথমে তো সে এই নাটকে অভিনয়ই করতে চায়নি। আমি আর ওর বাবাসহ সবাই যখন বলেছি, তখন সে সাহস পায়। এটাও সত্যি যে, কোনো নাটকে একজন অভিনেত্রীর একটা ইমেজ তৈরি হলে ওই নাটকে নতুন কারও পক্ষে দর্শক আকৃষ্ট করা খুব কঠিন। প্রথম অভিনেতা-অভিনেত্রীকে ছাপিয়ে পরেরজনকে প্রতিষ্ঠিত করা খুব কঠিন। এখন সে একটা জায়গায় এসেছে।
আপনার দীর্ঘ অভিজ্ঞতায় নাটকের চর্চাটা কেমন হওয়া উচিত বলে মনে করেন?
সময়ের সঙ্গে বদলায় মানুষের মনমানসিকতা। আমি বলব না যে কোনো প্রতিভাবান আসেনি। আমার মনে হয়, আমি বেশি পরিশ্রম করেছি। দর্শক কীভাবে নেবে, তা নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত হয়েছি। একটা সংলাপ ভুলে গেলে রাতে বাসায় ফিরে ঘুম হতো না। দর্শক কিন্তু এত কিছু বোঝে না। তাই বলে তাদের সঙ্গে প্রতারণা করব কেন? আমাকে তো কাজের ব্যাপারে সৎ থাকতে হবে। নাট্যকার যেভাবে লিখেছেন ও চেয়েছেন, পরিচালক যেভাবে চেয়েছেন সব মিলিয়ে তো সংলাপ আত্মস্থ করে আমাকে সেভাবে তৈরি হতে হতো।
সাক্ষাৎকার: মনজুর কাদের