সচেতনতা বাড়াতে জুটি হলেন ফেরদৌস-জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতি
ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতি

করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে আবারও শুরু হচ্ছে আয়কর মেলা। এ মেলা উপলক্ষে কর দিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নির্মিত হয়েছে একটি প্রচারমূলক নাটিকা। এতে অভিনয় করছেন ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতি। এ নাটিকার মাধ্যমে দেশের মানুষকে কর দিতে অনুপ্রাণিত করার কাজ করবেন তাঁরা। তিন মিনিট ব্যাপ্তির এ নাটিকার জন্য সম্প্রতি ঢাকার উত্তরায় শুটিংও করেছেন তাঁরা।
এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এ ধরনের কাজ আগে করা হয়নি। এটা এক ধরনের ডকুফিল্ম (তথ্যচিত্র)। আমি খুব জ্বর নিয়ে হলেও কিন্তু কাজটি করেছি কারণ, আর কিছুই না, সামাজিক দায়িত্ববোধ।’
আয়কর বিষয়ক সচেতনতা বাড়াতে ও কর দেওয়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নির্মিতব্য এই নাটিকায় ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতিকে স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করতে দেখা যাবে।
ফেরদৌসের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করেছিলাম ‘আয়না’ ছবিতে, সে ছবিতে আমরা অবশ্য জুটি ছিলাম না। জুটি হিসেবে এটাই আমাদের প্রথম কোনো কাজ। দেশের মানুষকে আয়কর প্রদানে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।'
আয়কর মেলা উপলক্ষে এ ডকুফিল্মটি নির্মাণ করেছেন আবদুল্লাহ আল হারুন।
আয়কর সপ্তাহ উপলক্ষে এটি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনু্ষ্ঠানের ফাঁকে ফাঁকে ‘ফিলার’ হিসেবে প্রচার করা হবে।
এদিকে, জ্যোতি জানিয়েছেন, এই নাটিকার কাজের পাশাপাশি তিনি এখন ঈদের নাটকের শুটিং নিয়েও ব্যস্ত। এ ছাড়াও, নাটকের শুটিংয়ের ফাঁকে চলছে টিভি চ্যানেলের নন-ফিকশন ধরনের অনুষ্ঠানের শুটিংও। 

প্রসঙ্গত, আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে বেশ কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এ মেলার আয়োজন করে আসছে।