সঞ্চালক নওশাবা

সঞ্চালনার খাতা খুলেছেন তিনি আগেই। কিন্তু সংখ্যার হিসাবে সেটাই কম বলা যায়। তাও বেশ আগে। কারণটা ব্যাখ্যা করলেন নওশাবাই। ‘আমি আসলে এক জায়গায় বসে উপস্থাপনা বা সঞ্চালনার কাজ করতে পারি না। কিন্তু বাইরে, ঘুরতে ঘুরতে যখন কথা বলতে হয়, তখন আমার জন্য কাজটা খুব সহজ হয়ে যায়।’ সম্ভবত এ কারণেই একটু ভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা মেলে কাজী নওশাবা আহমেদের। ২০১৪ সালের একটি ঈদে সময় টিভির দুটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। একটি ছিল পোশাকশ্রমিকদের নিয়ে, অন্যটি বেদেনিদের নিয়ে।
এবার তিন পর্বের একটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে নওশাবাকে। অনুষ্ঠানের নাম ‘তাহাদের অন্দরে’! তিন পর্বের এ অনুষ্ঠানের বিষয়—হিজড়া সম্প্রদায়, যৌনকর্মী এবং সংশোধনী কারাগারের ব্যক্তিরা।
অনুষ্ঠানটি নিয়ে সময় টিভির বার্তাপ্রধান তুষার আবদুল্লাহ বললেন, ‘সংবাদভিত্তিক চ্যানেল হওয়ার কারণে আমাদের তেমনভাবে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের সুযোগ নেই। তাই আমরা চেষ্টা করি একটু ভিন্ন ধরনের আয়োজন করতে। অন্যভাবে বিনোদনটা উপস্থাপন করতে। তারই একটি “তাহাদের অন্দরে” অনুষ্ঠান।’
তুষার আবদুল্লাহ জানান, নওশাবা ছাড়াও মোশাররফ করিম, ফেরদৌস, অমিতাভ রেজাকে নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে।
‘তাহাদের অন্দরে’ নিয়ে নওশাবা বলেন, ‘আগামীকাল সাভারে হিজড়া সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠানটির শুটিং শুরু হবে। ধীরে ধীরে অন্য পর্বগুলোও করা হবে।’
টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নওশাবা দুটি চলচ্চিত্রের কাজও শেষ করেছেন। প্রতিরুদ্ধ নামে আরেকটি ছবির শুটিং চলছে।