সত্তরের দশকের পাপারাজ্জি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাপারাজ্জি নাটকের দৃশ্যে নিশো ও অর্ষা
পাপারাজ্জি নাটকের দৃশ্যে নিশো ও অর্ষা

‘সত্তরের দশকের মফস্বল শহরের সাধারণ একজন ফটোগ্রাফার আমি। আমার একটা স্টুডিও আছে। একদিন ওই অঞ্চলে একজন চিত্রনায়িকা আসেন শুটিং করতে। আমি যাই তাঁর ছবি তুলতে। তার পরই ঘটে আসল ঘটনা।’ নিজের চরিত্র নিয়ে এভাবেই বলছিলেন আফরান নিশো।
নতুন এক নাটকে পাপারাজ্জির চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ খাটতে হয়েছে তাঁকে। কারণ, গল্পের খাতিরে তাঁকে ফিরে যেতে হয়েছে ৪০ বছর আগে। তাই পরিচালকের সঙ্গে পরামর্শ করে সাজটাও নিতে হয়েছে ওই সময়ের। সঙ্গে মানানসই প্রপসও (আনুষঙ্গিক জিনিসপত্র) জোগাড় করতে হয়েছে তাঁকে।
মাহমুদ দিদার পরিচালিত পাপারাজ্জি নাটকের জন্য এত পরিশ্রম নিশোর। আসছে ঈদুল ফিতরে প্রচারিত হবে এটি। নিশোর সঙ্গে এই নাটকে সত্তরের দশকের নায়িকার ভূমিকায় দেখা যাবে অর্ষাকে।