সন্ধ্যায় 'নিটশের নিয়তি'

নানা অসংগতি এবং চারপাশের নীতিহীনতা দেখে মানুষের জন্ম-মৃত্যু নিয়ে প্রশ্ন তৈরি হয় আরেফিনের। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। খুঁজতে থাকে মানবজগৎ সৃষ্টির কারণ। এতে তাঁর পরিণতি হয় দার্শনিক ফ্রেডরিক নিটশের মতো। তবে রয়ীর প্রেম তাঁর অশান্ত হৃদয়কে স্থির করে। বেঁচে থাকার উৎসাহ ফিরে পায় সে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে এ নাটক ‘নিটশের নিয়তি’। নাটকটিতে অভিনয় করেছেন আমিনুর রহমান, আরমান পারভেজ, সাবেরী আলম, মহসীন রেজা, সাইদ বাবু, অহনা, গাজী ফারুক প্রমুখ। নাটকের বিষয়বস্তু সম্পর্কে অন্যতম পরিচালক ইমরান রনি বলেন, ‘নিটশের জীবনের পরিণতি একটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকে। খুব অল্প সময়ের জন্য হলেও প্রতিনিয়ত আমাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।’
নাটকটি লিখেছেন মোমেন চৌধুরী এবং পরিচালনা করেছেন আলফাজ উদ্দিন ও ইমরান রনি। ‘নিটশের নিয়তি’ নাটকটি প্রযোজনা করেছে বারভূত।