সবাই সামনে বলে খুশি, পেছনে কী বলে জানি না
পরপর দুই মেয়াদে বিপুল ভোটের ব্যবধানে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহসান হাবীব নাসিম। সহকর্মীদের বিশ্বাসের মর্যাদা কতটা রাখতে পেরেছেন তিনি? সংগঠনের বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করছেন, কাজ ও ব্যক্তিগত প্রসঙ্গে জন্মদিনে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেতা।
প্রশ্ন :
শুভ জন্মদিন? অনেক মানুষের কোলাহল মনে হচ্ছে, কোথায় আপনি?
ধন্যবাদ। প্রতিবার জন্মদিনেই শুটিং পড়ে যায়। এবার বিটিভির জন্য ‘চার দেওয়ালের মধ্যেখানে’ নামের একটি নাটকের শুটিং করছি।
প্রশ্ন :
বিশেষ দিনেও এত ব্যস্ততা, পরিবার থেকে অভিযোগ করে না?
পরিবার, প্রিয়জনেরা সব সময় চান তাঁদের সঙ্গে দিনটা কাটাই। কিন্তু শুটিংয়ের জন্য হয়ে ওঠে না। তাঁরা সবাই এখন অভ্যস্ত হয়ে গেছেন। এখন তাঁদের চাওয়া রাতের খাবার একসঙ্গে খাওয়া। লেটনাইট যেন না হয়।
প্রশ্ন :
দিনটিতে আপনার কী ইচ্ছে করে?
ইচ্ছে করে ঢাকার কোলাহল ছেড়ে আমার গ্রামে চলে যেতে। যেখানে বড় হয়েছি। যেখানে আমার শৈশব কেটেছে। কিন্তু ব্যস্ততার কারণে পারি না।
প্রশ্ন :
টানা চার বছর ধরে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। সাংগঠনিক কাজে সহকর্মীরা কতটা খুশি?
সবাই সামনে বলে খুশি কিন্তু পেছনে কী বলে জানি না। আর যেকোনো সমালোচনা সব সময়ই আমি পজিটিভভাবে নিই। আজ অনেক সিনিয়র, জুনিয়র অভিনয়শিল্পীরা ফোন দিচ্ছেন, ফেসবুকে স্মরণ করছেন—এগুলো এটাই মনে করিয়ে দেয়, হয়তো আমার কাজে তাঁরা সন্তুষ্ট। এই আচরণ আমাকে আরও দায়িত্বশীল করে তোলে।
প্রশ্ন :
দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর থেকেই শুরু হয় করোনা। এই করোনার মধ্যেই আপনাদের সময় শেষ—সময়গুলো কেমন ছিল?
আমরা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার ছয় মাস পরেই করোনা শুরু হয়। তখন শুটিং বন্ধ থাকলেও আমাদের সাংগঠনিক কাজ বন্ধ ছিল না। ঘরে বসেই কাজ করেছি। করোনার মধ্যে যাঁরা সংকটে ছিলেন, তাঁদের ফোন দিয়ে পাশে দাঁড়িয়েছি। অর্থ সংগ্রহ করেছি। সবার কথা শুনেছি। কোনো অভিনয়শিল্পী বলতে পারবেন না আমরা কারও সংকটে পাশে দাঁড়াইনি। আমরা চেয়েছি এক হয়ে প্রতিকূল পরিবেশটা মোকাবিলা করতে।
প্রশ্ন :
চার বছর দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের কাছ থেকে কোন ধরনের অভিযোগগুলো বেশি পেয়েছেন?
বড় ধরনের তেমন কোনো অভিযোগ সেভাবে পাইনি। কেউ কেউ মনে করতে পারেন তাঁদের সমস্যা দেখিনি। অনেক সময় কিছু শিল্পী বিয়ে, ডিভোর্স অন্যান্য ব্যক্তিগত সমস্যার কথা আমাদের জানান। কিন্তু আমরা সাংগঠনিকভাবে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত বিয়ে, বিচ্ছেদের মধ্যে জড়াই না। তাঁরা হয়তো নিরুপায় হয়েই আমাদের সমস্যাগুলো জানান। কিন্তু সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সমস্যা সমাধান করতে গেলে অবস্থা অনেক সময় আরও জটিল হয়ে যায়।
প্রশ্ন :
প্রায়ই অভিযোগ থাকে অভিনয়শিল্পীরা দেরি করে শুটিংয়ে আসেন। অনেক সময় আগেই চলে যান। ইচ্ছেমতো সিডিউল বাতিল করার মতো ঘটনাও ঘটে। আপনারা চেষ্টা করেছিলেন শিল্পীদের নিয়মের মধ্যে আনার। কখনো কি মনে হয়েছে শিল্পীদের নিয়মের মধ্যে আনাটা কঠিন?
কঠিন নয়। আমাদের ৯৫ ভাগ শিল্পীই নিয়মের মধ্যে থেকে কাজ করেন। কিন্তু ৫ ভাগ অভিনয়শিল্পী নিয়মের মধ্যে আসেন না। নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী—সবাই শক্তভাবে এলে নিয়ম মানা সহজ। কারণ, কিছু আর্টিস্ট ও কিছু নির্মাতা শুটিং করতে দেরি করেন। অনেকের চিত্রনাট্য হাতে থাকে না। তবে আমরা চেষ্টা করছি সবাই মিলে শৃঙ্খলার মধ্যে কাজ করতে।
প্রশ্ন :
এই যে ৫ ভাগ শিল্পী দেরি করেন, এই দায়টা কার?
এই দায় সংগঠনের। ৫ ভাগ শিল্পীর উপলব্ধি করাতে হবে, সচেতনতা তৈরি করে বোঝাতে হবে, ৫ ভাগ অভিনয়শিল্পীর জন্য ৯৫ ভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এটা নিয়ে জোর করা যাবে না। কারণ আগেই বলেছি, পরিবেশের কারণেও দেরি হয়। শুধু অভিনয়শিল্পীর একার দোষ নয়।
প্রশ্ন :
অভিনয় এবং সাংগঠনিক কাজের পাশাপাশি আপনি ব্যবসাও করেন—কোনটাতে আপনি বেশি মনোযোগ দিতে পারেন?
আমার কাছে সব কটিই গুরুত্বপূর্ণ। একসময় চেয়েছিলাম অভিনয় ছাড়া কিছুই করব না। পরে মনে হয়েছে, এখানে আমার ভবিষ্যৎ কী? আমি কতটা নিরাপদে বাঁচতে পারব? তখনই আমি অভিনয়ের পাশাপাশি অন্য পেশায় যুক্ত হয়েছি। আবার অভিনয়শিল্পীদের ক্যারিয়ারে নিরাপত্তার দরকার আছে। তরুণদের ক্যারিয়ারের এই নিরাপত্তা দেওয়ার জন্যই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি।
প্রশ্ন :
দীর্ঘ ক্যারিয়ারে আপনার কোনো অতৃপ্তি আছে?
শুধু অভিনয় নিয়ে থাকতে পারলে তৃপ্তি পেতাম। আমার আরও ভালো কাজ করা প্রয়োজন। ভালো কাজের অতৃপ্তি রয়ে গেছে।
প্রশ্ন :
কেন অভিনেতা হতে চেয়েছিলেন?
বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না। শুধু গান করতাম, পরে মঞ্চনাটকে জড়িত হয়ে অভিনয় ভালো লাগতে শুরু করে। পরে মনে হয়েছে অভিনেতাই হব।
প্রশ্ন :
আপনাদের মেয়াদ শেষ, আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন?
গত জুনেই আমাদের মেয়াদ শেষ হয়েছে। মহামারির কারণে সংগঠন থেকে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিছু সময় বাড়িয়ে নিয়েছি। আগামী ২৭ নভেম্বর আমাদের সাধারণ সভা। তখন পরবর্তী নির্বাচন কমিশন ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনে অংশ নেব কি না, এখনো বলতে পারছি না।