সবাইকে হারিয়ে জয়ী নোভা

শারমিন লাকী, সামিয়া আফরিন, রুমানা মালিক মুনমুন, তানিয়া হোসাইন, নোভা, মাসুমা রহমান নাবিলা, মারিয়া নূর ও আমব্রিন—বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এঁদের সবাইকে প্রায়ই দেখা যায়, অতিথিদের নানা ধরনের প্রশ্ন করতে। সরাসরি কিংবা ধারণকৃত আলাপচারিতা, গান, খেলাধুলা ও রূপচর্চা বিষয়ক নানা অনুষ্ঠান তাঁরা সঞ্চালনা করেন। এবার তাঁরা নিজেরাই মুখোমুখি হলেন প্রশ্নের খেলায়। সেই খেলায় সবাইকে হারিয়ে জয়ী হয়েছেন নোভা।
বাংলাভিশন চ্যানেলের জন্য নির্মিত ‘টিম পয়েন্ট’ নামের একটি কুইজ শো অনুষ্ঠানে অংশ নিতে একত্র হয়েছিলেন এই আট উপস্থাপিকা। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তিন নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়। এঁদের মধ্যে উপস্থাপিকা ও অভিনেত্রী নোভা প্রথমবার এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলেন। প্রথমবার অংশ নিয়েই বাকি সাতজনকে হারিয়ে তিনি প্রথম হয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন একটি রেফ্রিজারেটর।
নোভা বললেন, ‘আমার জন্য এ ধরনের অনুষ্ঠানের অভিজ্ঞতা একেবারে নতুন। আট উপস্থাপিকা প্রথমবার একসঙ্গে কুইজ শো-তে অংশ নিয়েছি। এত দিন আমরা শুধু অতিথিদের প্রশ্ন করতাম। এই অনুষ্ঠানে এসে আমাদেরই নানান প্রশ্নের মুখোমুখি হতে হলো, যদিও পুরো অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছি। তবে একটা প্রতিযোগিতা ভাব ছিল। বিজয়ী হওয়াতে বেশি ভালো লেগেছে।’
নাহিদ আহমেদের প্রযোজনায় ‘টিম পয়েন্ট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এহতেশাম। আগামী ঈদে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।