সব্যসাচী লেখককে নিয়ে আফজাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে নতুন একটি অনুষ্ঠান। গতকাল রোববার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ হয়। ‘হৃদ কলমের টানে’ নামের অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।
জানা গেছে, দেড় ঘণ্টার এই অনুষ্ঠানের মাধ্যমে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিশাল কর্মযজ্ঞের নানা দিক তুলে আনার চেষ্টা করা হবে। গতকাল বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে আফজাল হোসেন বলেন, ‘কবিতা, সাহিত্য, সিনেমার গান, চিত্রনাট্য, মঞ্চনাটক, ছবি আঁকা—অনেক মাধ্যমে বিচরণ সৈয়দ শামসুল হকের। গান, কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করব।’

আফজাল হোসেন
আফজাল হোসেন

এই অনুষ্ঠানে প্রথম আলোয় প্রকাশিত সৈয়দ শামসুল হকের কবিতা থেকে নতুন একটি গান গাইবেন ফাহমিদা নবী। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। কবির লেখা বিভিন্ন জনপ্রিয় গান থেকে বাছাই করা কয়েকটি গানে কণ্ঠ দেবেন এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, দিনাত জাহান, কোনাল ও মুহিন। আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নায়ক রাজ্জাক, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, নাট্যজন আলী যাকের, রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।
আফজাল হোসেন বলেন, ‘ঘুরেফিরে আমরা মানুষটিকে জানার চেষ্টা করব। সব বিষয়ে তিনি ভালো কাজ করেছেন, এটা বলার চেয়ে একজন মানুষ সারা জীবন বিভিন্ন মাধ্যমে যে কাজ করেছেন, আর এই কাজগুলো আমাদের কীভাবে প্রভাবিত করেছে, তা জানব। নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করব। সব্যসাচী এই লেখক আমাদের আরও কীভাবে সমৃদ্ধ করতে পারতেন কিংবা আমাদের দায়িত্ব কতটুকু ছিল, সেটা নিয়েও আলোচনা করব। তিনি অনেক ভালো ছিলেন, তিনি এমন ছিলেন, তেমন ছিলেন—এ ধরনের কোনো আলোচনা না, প্রকৃত অর্থে আমরা তাঁকে ট্রিবিউট দিতে চাই।’
আফজাল হোসেন জানান, আগামী বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।