সরকারি কল্যাণ তহবিল চান টেলিভিশনের শিল্পীরাও

নিকেতনে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে সংবাদ সম্মেলনের নিজেদের দাবি তুলে ধরেন টেলিভিশনের অভিনয়শিল্পীদের প্রতিনিধিরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের সৃজনশীল মানুষদের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে। বার্ধক্য ও অসুস্থতায় তাঁদের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সরকারি কল্যাণ তহবিল চান টেলিভিশনের শিল্পীরা। আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানিয়েছেন।
নিকেতনে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে সংবাদ সম্মেলনের নিজেদের দাবি তুলে ধরেন টেলিভিশনের অভিনয়শিল্পীদের প্রতিনিধিরা। সংগঠনের নেতারা সেখানে জানান, অভিনয়শিল্পীরা যত দিন কাজ করেন, তত দিনই তাঁদের আয় থাকে। বেকারত্ব বা অবসরে যাওয়ার পর চিকিৎসা করানোর মতো অর্থ তাঁদের হাতে থাকে না। নানা কারণে দিন দিন শিল্পীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। এ কারণে সৃজনশীল মানুষেরা অভিনয়কে পেশা হিসেবে নিতে চান না।

নিকেতনে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে সংবাদ সম্মেলনের নিজেদের দাবি তুলে ধরেন টেলিভিশনের অভিনয়শিল্পীদের প্রতিনিধিরা
ছবি: প্রথম আলো

অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়ায় যাঁরা কাজ করেন, বার্ধক্যে অসুস্থ বা আহত হলে তাঁদের দেখার কেউ থাকে না। এই মানুষদের নেই কোনো ভাতা, নেই বাসস্থানের ব্যবস্থা। সৃজনশীল মানুষদের দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশ সেভাবেই শিল্পীদের সহযোগিতা করে। ভারতের অনেক অভিনয়শিল্পী ২৫০ টাকায় বাড়িভাড়া দিয়ে থাকেন। আমাদের সরকার চলচ্চিত্রশিল্পীদের দেখভালের দায়িত্ব নিয়েছে, এতে আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনয়শিল্পীদের দুর্দশার কথা শুনে প্রায়ই আর্থিক সহযোগিতা দেন। আমরা এর একটি প্রাতিষ্ঠানিক রূপ চাই। যেটা হতে পারে টেলিভিশনশিল্পী ও কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিল।’

নিকেতনে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে মামুনুর রশীদ
সাইফুল ইসলাম

সরকারের কল্যাণ তহবিল এখন সময়ের দাবি মনে করেন শিল্পীসংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় সরকারের কাছে একটি কল্যাণ তহবিলের দাবি জানিয়ে আসছি। করোনাকালে সেটা আরও জরুরি হয়ে পড়েছে। করোনায় ১ হাজার ২০০ টেলিভিশন শিল্পীর মধ্যে ৪০০ শিল্পী কর্মহীন হয়ে অর্থনৈতিকভাবে মানবেতর জীবন যাপন করছেন। সংগঠন থেকে অনেকের পাশেই আমরা সেভাবে দাঁড়াতে পারিনি।’ তিনি আক্ষেপের সঙ্গে জানান, করোনাকালে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রণোদনা পেলেও, টেলিভিশনশিল্পীরা কোনো সহায়তা পাননি। কয়েকবার তাঁরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টেলিভিশন ও চলচ্চিত্রের শিল্পী–কলাকুশলীদের জন্য একত্রে একটি তহবিল গঠনের আশ্বাস পেয়েছিলেন। সম্প্রতি চলচ্চিত্রশিল্পীদের কল্যাণে মন্ত্রিপরিষদ থেকে একটি তববিল গঠনের প্রস্তাব পাস হলেও সেখানে টেলিভিশনশিল্পীদের কথা নেই।

সরকারের কল্যাণ তহবিল এখন সময়ের দাবি মনে করেন শিল্পীসংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম
সাইফুল ইসলাম

করোনাকালে সংগঠনের সদস্যদের নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সরবরাহ করে সহযোগিতার চেষ্টা করেছে শিল্পীসংঘ। যদিও তা ছিল অপ্রতুল। এ সময়ে অনেক শিল্পী সাহায্য পাননি। মাসের পর মাস অনেকেই বাড়িভাড়া দিতে পারেননি, ওষুধ কিনতে পারেননি, অনেকেরই বাজার করার টাকা ছিল না, ছিল না শিশুর দুধ কেনার টাকা। অভিনয়শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জানান, কদিন আগে প্রবীণ অভিনেত্রী মিনু মমতাজ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরিবার থেকে কেউ তাঁর লাশ নিতে আসেনি। পরে অভিনয়শিল্পী সংঘের নেতারা বকেয়া বিল পরিশোধ করে লাশ দাফনের ব্যবস্থা করেন। নাসিম বলেন, ‘সরকার যদি এই পেশার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে শিক্ষিত শ্রেণির মানুষেরা এই পেশায় আসবে। এই শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের পাশাপাশি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।’
সংঘের নেতারা জানান, টেলিভিশন থেকে সরকার যথেষ্ট রাজস্ব পায়। এই শিল্পকে এখন গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে যাওয়া ঠিক হবে না। কল্যাণ তহবিলের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবে সংগঠন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ–সংক্রান্ত কার্যক্রম তাঁরা চালিয়ে যাবেন।