সহজ-সরল সুজা মিয়ার গল্প

সুজা মিয়া বোকা নয়, তবে সহজ সরল। এই জগতের অনেক জটিলতাই সে বোঝে না। মামা-মামির কাছে মানুষ। বয়স হয়ে যাওয়ার পরও বাচ্চাদের মতোই মামা-মামির সঙ্গে ঘুমাতে চায় সে। সুজা মিয়া চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এই সহজ-সরল সুজা মিয়ার একটা প্রেমিকা জুটে যায়। কিন্তু এদিকে সুজা মিয়ার বিয়ের আয়োজন করেন মামা-মামি। তখনই ঘটে নতুন কাণ্ড। এমন এক গল্প নিয়েই এগিয়েছে ‘সরল প্রেম’ নাটকের গল্প। ‘সরল প্রেম’ নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা শাহরিয়ার হোসেন। এতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন অহনা, নাসিমা খানম, কচি খন্দকার, শিখা খান প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ঈদের জন্য একটি হাস্যরসাত্মক গল্প নিয়ে কাজ করছি। দর্শকেরা উৎসবে টিভি পর্দায় এমন গল্পই দেখতে চান। দর্শকদের ভালো লাগবে আশা করছি।’
ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে নাটকটি।