সহশিল্পী খরগোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র প্রেম নাটকে তিশা
পবিত্র প্রেম নাটকে তিশা

নাটকে তিশার সহশিল্পী হয়েছে খরগোশ। ঈদের বিশেষ নাটক পবিত্র প্রেম-এ দুটি খরগোশের সঙ্গে অভিনয় করেছেন অভিনয়শিল্পী তিশা। খরগোশ দুটির সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ একটা সময় কাটে তাঁর।
খরগোশের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। সে সম্পর্কে তিশা বললেন, ‘শুটিংয়ের সময় খরগোশ দুটি খুব ক্ষুধার্ত ছিল। আমি যখন ওদের মুখের কাছে আঙুল ধরতাম, তখনই কাছে চলে আসত। মুখের সামনে খাবার ধরার পর একেবারে পোষ মেনে গেল। ওই সময়ই দৃশ্য ধারণ করা হতো। বলতে পারেন, ওদের দুর্বলতার সুযোগ নিয়েছি আমি। তবে ওদের ক্ষুধার্ত অবস্থায় দেখে আমি মধ্যরাতে খাবার কিনতে পাঠিয়েছি। নিজের হাতে ওদের খাইয়েছি। তারপর ওরা সারাক্ষণ আমার কাছে ছিল। কেমন আদুরে চেহারা ওদের।’
খরগোশসহ আরও প্রাণী নিয়ে এর আগেও কাজ করেছেন তিশা। কয়েক দিন আগে পুরান ঢাকায় পবিত্র প্রেম-এর শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইমন, দিলারা জামান, আনন্দ খালেদ।
নাটকটির রচয়িতা ও পরিচালক জাকারিয়া সৌখিন বললেন, কিছু কিছু প্রেম থাকে খুব স্নিগ্ধ। নাটকের এই দুই পাত্র–পাত্রীর প্রেমও সে রকম। ঈদের পঞ্চম দিন নাটকটি দেখানো হবে এনটিভিতে।