সাইরেন শুনে বদলে যায় মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইরেন নাটকের দৃশ্যে শাহাদত ও সাথী
সাইরেন নাটকের দৃশ্যে শাহাদত ও সাথী

বিশেষ দিবস ছাড়া সাধারণত নাটক ও টেলিছবি নির্মাণ করা হয় না রেজানুর রহমানের। এবারও তেমনটাই ঘটল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য তিনি নির্মাণ করেছেন একটি টেলিছবি। নাম ‘সাইরেন’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহাদত ও সাথী।

দিলরুবা সাথীকে চ্যানেল আইয়ের পর্দায় উপস্থাপিকা হিসেবে হরহামেশাই দেখা যায়। তবে তাঁর শুরুটা হয় নাচ দিয়ে। মাঝে মধ্যে অভিনয় করতেও গেছে। সেই ধারাবাহিকতায় ‘সাইরেন’ টেলিছবিতে তাঁর অভিনয় করা।
‘সাইরেন’ টেলিছবিতে দিলরুবা সাথী অভিনয় করেছেন জয়া নামের একজন প্রবাসী তরুণীর ভূমিকায়। টেলিছবির গল্পে দেখা যাবে, ঢাকা থেকে অফিসের কাজে সৈয়দপুরে বেড়াতে আসেন জয়া। এখানে রেলওয়ের একটি কারখানা আছে। এই কারখানার সাইরেন শুনে হঠাৎ যেন বদলে যান জয়া। সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজ শুরুর আগে সাইরেন বাজানো হয়। স্থানীয়ভাবে যেটাকে বলা হয় কারখানার সিটি। কারখানার সাইরেন, রেলগাড়ির ঝকঝক শব্দের মাঝেই জয়া যেন তাঁর অতীত ইতিহাসকে খুঁজে পায়। মহান স্বাধীনতা সংগ্রামকে ঘিরে কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড়ায় সে। এভাবেই ‘সাইরেন’ টেলিছবির গল্পটা এগোতে থাকে বলে জানালেন পরিচালক।
‘সাইরেন’ টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে আরও অভিনয় করেছেন মাহবুবা রেজানুর, সুকর্ণ হাসান, মিন্টু সরদারসহ সৈয়দপুরের বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক কর্মী। আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘সাইরেন’।
রেজানুর রহমান বললেন, ‘আমার এই টেলিছবিতে মহান স্বাধীনতা আন্দোলন এবং বর্তমান সময়কালের প্রাসঙ্গিক অনেক ঘটনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি দেখার সময় দর্শক অনেক প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার তাড়না অনুভব করবেন।’