সাজু সাবধান!

অভিনয়শিল্পী সাজু খাদেমের রসিকতায় সবাই হাসতে বাধ্য। তাঁর হাস্যরস মাঝেমধ্যে এতটাই গভীর হয় যে বেচারা সাজু পড়ে যান বিপদে। মজা করতে গিয়ে অনেক সময় উল্টো নিজেই বিপাকে পড়ে যান। তবে এবার ঈদে এসব বিপদ কিংবা বিপাকের পরোয়া তিনি করবেন না। তিনি এই ঈদে একটা বার্তা নিয়ে আসছেন। সেই বার্তাটি হলো ‘সাজু সাবধান’! এই নামে একটি অনুষ্ঠান করছেন সাজু খাদেম। যেখানে কয়েকজন তারকা হবেন তাঁর রসিকতার শিকার। তারকারাও সাজুর সঙ্গে কিংবা সাজুকে নিয়ে ঠাট্টা-তামাশা করবেন।
কিন্তু ‘সাজু সাবধান’ নিয়েও রয়েছে খানিকটা দ্বিধা। এই নামের মধ্য দিয়ে কী বোঝাতে চাইছেন এই শিল্পী? তাই নামকরণের ব্যাপারে জানতে চাইলে সাজু বললেন, ‘অনুষ্ঠানে আড্ডা হবে। মজা থাকবে। রসিকতা করা হবে এতে অংশ নেওয়া তারকাশিল্পীদের সঙ্গে। অনুষ্ঠানের নামকে আপনারা দুভাবে নিতে পারেন। এর মানে একভাবে হতে পারে “সাজু থেকে সাবধান”। আরেকভাবে এর অর্থ দাঁড়াতে পারে “সাজু সাবধান হও”! বুঝতেই পারছেন রসিকতার মাত্রাটা কেমন হবে!’
ঈদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী বাঁধন। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এটি প্রচারিত হবে।