সাজুর টানে বিচারকের আসনে জুয়েল আইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল আইচ ও সাজু খাদেম
জুয়েল আইচ ও সাজু খাদেম

অভিনয়শিল্পী সাজু খাদেম মাঝে মধ্যে উপস্থাপনাও করেন। বিভিন্ন সময় তাঁর উপস্থাপনা মুগ্ধ করেছে অনেককে। এবার সাজুর উপস্থাপনায় মুগ্ধ হয়েছেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। মুগ্ধ হয়ে তিনি সাজুর উপস্থাপনায় কমেডি বিষয়ক একটি রিয়্যালিটি শো’র বিচারক হতেও রাজি হয়েছেন। ‘প্রথম আলো’র সঙ্গে আলাপে বুধবার সন্ধ্যায় এমন কথা বলেন জুয়েল আইচ নিজে।
এনটিভিতে শুরু হতে যাচ্ছে কমেডি বিষয়ক রিয়্যালিটি শো ‘হা শো’র নতুন সিজন। তার আগে এফডিসিতে সেট বানিয়ে চলছে অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ। নতুন মৌসুমে জুয়েল ছাড়াও বিচারক হয়েছেন চিত্রনায়িকা নিপুণ ও কথাবন্ধু মাজহারুল ইসলাম।
জুয়েল আইচ বলেন, ‘এই অনুষ্ঠানের গত সিজনের একটি পর্বে আমি অতিথি বিচারক হয়ে এসেছিলাম। দেখলাম, সাজু কীভাবে পুরো অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখে। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। এরপর এবার যখন আমাকে এই অনুষ্ঠানের বিচারক হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন আমি নির্দ্বিধায় রাজি হয়ে যাই। এবার বেশ কিছুদিন আমরা কাছাকাছি থাকতে পারব। দারুণ কিছু অভিজ্ঞতাও অর্জন করতে পারব।’
জুয়েল আইচ যখন কথাগুলো বলছিলেন তখন তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন সাজু খাদেম। মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে হাসছিলেন তিনি। একটু পর সাজু বললেন, ‘জুয়েল ভাই অনেক গুণী একজন শিল্পী ও বড়মাপের মানুষ। এটা পুরোপুরি তাঁর বিনয়। তারপরও তাঁর মতো একজন মানুষের কাছ থেকে প্রশংসাসূচক বাণী শোনা যে কারো জন্য পরম সৌভাগ্যের। চেষ্টা করে যাব, তাঁর কথার মর্যাদা রাখার।’